সিল্কসিটিনিউজ ডেস্ক: ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলে ক্যাম্পাসগুলোতে স্থিতিশীল পরিবেশ ফিরে আসবে এমন ধারণা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। ক্যাম্পাসে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য সন্ত্রাসবাদী ছাত্র সংগঠন নিষিদ্ধ এবং ক্যাম্পাস প্রশাসনের নির্লিপ্তভাবে সরকারের দালালী বন্ধ করতে হবে।
মঙ্গলবার ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কেএম আতিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ নেসার উদ্দিন এক বিবৃতির মাধ্যমে উপরোক্ত কথা বলেন।
তারা বলেন, দেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে সাধারণ শিক্ষার্থীরা জিম্মি হয়ে আছে, তাই এদের হাত থেকে সাধারণ শিক্ষার্থীদের রক্ষা করার জন্য এদেরকে ক্যাম্পাস থেকে নিষিদ্ধ করতে হবে।
নেতৃদ্বয় বলেন, দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে ছাত্র ও যুবসমাজের ভূমিকা ছিল সবচেয়ে বেশি আর বর্তমান ক্ষমতাসীন অবৈধ সরকার নিজেদের ক্ষমতাকে স্থায়ী করার লক্ষে ছাত্ররাজনীতি বন্ধের কোনো ষড়যন্ত্র করছে কিনা তা দেশের সচেতন মহলকে লক্ষ রাখতে হবে।











