বগুড়া

চা খেয়ে বাড়ি ফেরার পথে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক৪ আগস্ট ২০২৬৩ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের জমি ও গো-চারণভূমি নিয়ে বিরোধের জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (৩ আগস্ট) রাতে উপজেলার কাজলা ইউনিয়নের যমুনার দুর্গম পাকুরিয়ার চরের নান্টুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

নিহত মোসলেম উদ্দিন প্রামাণিক (৬২) পাকুরিয়া গ্রামের বাসিন্দা ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং কাজলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর মঙ্গলবার সকালে মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী সখিনা বেগম সারিয়াকান্দি থানায় ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। এরই মধ্যে ছয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেপ্তার আসামিরা হলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর শুভগাছা গ্রামের মৃত আসাদুজ্জামান খানের দুই ছেলে হায়দার আলী খান (৭০) ও গিয়াস আলী খান (৭৫), বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের চর পাকুরিয়া গ্রামের মৃত দুদু সরকারের ছেলে নান্টু সরকার (৫৬), একই এলাকার মোখলেছুর রহমানের ছেলে সুজন মন্ডল (৩২), মৃত ময়েজ মন্ডলের ছেলে মোখলেসুর রহমান (৫৫), এবং ইলিয়াস সরকারের ছেলে সোহেল সরকার (৩৫)।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, পাকুরিয়ার চরের জমি ও গোচারণভূমি নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে মোসলেম উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার রাত সাড়ে ৮টার দিকে পাকুরিয়া বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। পথে নান্টুর মোড় এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তার পথরোধ করে হামলা চালায়।

এ সময় হামলাকারীদের পিটুনিতে মোসলেম উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭টার দিকে মৃত্যু হয়।
নিহতের ভাই সারিয়াকান্দির কাজলা ইউনিয়নের সদস্য (মেম্বার) শাহজাহান আলী গণমাধ্যমকে বলেন, ‘মোসলেম উদ্দিনের সঙ্গে একই গ্রামের দুদু সরকারের ছেলে নান্টু সরকারের জমি ও গো-চারণভূমি বিক্রি নিয়ে বিরোধ চলছিল। সোমবার রাত সাড়ে ৮টার দিকে পাকুরিয়া বাজারে চা পান করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নান্টু সরকারের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার লোকজন মোসলেম উদ্দিনকে পিটিয়ে গুরুতর আহত করেন।

পরে স্থানীয় লোকজন উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মারা যান। আমার ভাই শান্ত ও নিরীহ ছিলেন। ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, ‘চরের জমি নিয়ে পূর্ববিরোধের জেরে মোসলেম উদ্দিনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রীর মামলায় ছয় আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের বিরুদ্ধে অভিযান চলছে।’