চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হাতির আক্রমণে এক শিশু নিহত হয়েছে। বুধবার সকালে জেলার নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের মানিকড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শিশু নাচোল উপজেলার লক্ষিপুর গ্রামের বুলবুল হোসেনের ৮ম শ্রেণী পড়ুয়া ছেলে মোবাশ্বের আলী (১২)।
এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, বগুড়ার মহাস্থানগড় থেকে আসা দুটি হাতির পিঠে চড়ে মাহুত মঙ্গলবার (৭ নভেম্বর) বিকাল ৫টার দিকে রাস্তায় বিভিন্ন গাড়ি থামিয়ে টাকা উঠাচ্ছিলো। এ সময় চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নের আমনুরা-চাঁপাই সড়কের ধি-নগরে ৫ জন অটো যাত্রী হাতির আক্রমণে আহত হয়। ওই সময় এলাকাবাসী হাতি দুটিকে তাড়া করলে প্রাণী দুটি আতঙ্কিত হয়ে আমনুরা ঝিলিম বাজারের দিকে পালিয়ে যায়। আর সন্ধ্যা ঘনিয়ে আসায় হাতির মাহুত নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে হাতি দুটি নাচোল উপজেলার মানিকরা এলাকার ধানক্ষেতে নেমে রাতেই ধানক্ষেতের ব্যাপক ক্ষতিসাধন করে।
এদিকে আম বাগানে হাতির আগমনের খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে এলাকাবাসীর সাথে শিশু মোবাশ্বের আম বাগানে হাতি দুটি দেখতে গেলে হাতির আক্রমণে সে আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ শিশু মোবাশ্বরের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে এবং হাতি দুটিকে ধরতে ব্যাপক তৎপরতা চালাই।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) রাকিবুল ইসলাম জানান, আমনুরা শিমুলতলা এলাকায় বাচ্চা হাতিটিকে স্থানীয়রা আটক করতে সক্ষম হলেও অন্য হাতিটি এখনো আটক করা সম্ভব হয়নি। খবর পেয়ে রাজশাহী থেকে বন বিভাগের লোক এসেছেন। হাতিটিকে ধরতে পুলিশ, ফায়ার সার্ভিস ও বন বিভাগের লোকজন চেষ্টা চালাচ্ছেন।
তিনি আরো জানান, পার্শ্ববর্তি নওগাঁ জেলার নিয়ামতপুরে মেলা শেষে একটি সার্কাস দল নাচোলের উপর দিয়ে যাবার সময় হাতি দুটি এই কান্ড ঘটায়। এ ঘটনায় হাতির মাহুতসহ ৩ জনকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে নাচোল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।








