সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে নোঙর দিয়ে নৌকা আটকে দেয়ার হুমকি আওয়ামীপন্থীদের

নিউজ ডেস্ক১৯ ডিসেম্বর ২০২৩৪ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে নোঙর দিয়ে নৌকা আটকে দেয়ার হুমকি আওয়ামীপন্থীদের
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে প্রতীক বরাদ্দ দেবার পরপরই বিকাল থেকে জেলা জুড়ে শুরু হয় নির্বাচনী প্রচার প্রচারণা। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের দারিয়াপুর বাজার এলাকায় পথসভার আয়োজন করেন বাংলাদেশ ন্যাশনালিষ্ট মুভমেন্ট-বিএনএম মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল মতিন। এই সভাতেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনের বর্তমান সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী আব্দুল ওদুদকে ঠেকানোর আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতারা। প্রতীক পাবার পর প্রচারণার শুরুতেই আওয়ামীলীগের নৌকার পক্ষে প্রচারণার পরিবর্তে বিএনএম মনোনীত প্রার্থীর নোঙর প্রতিকের পক্ষে পথসভায় প্রকাশ্যে এমন ঘোষণা দেন আওয়ামীপন্থী নেতারা। এ সময় নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদকে বর্জণ করে বিএনএম মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল মতিনকে নোঙর প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান নেতারা।
এ সময় পথসভায় আসন্ন নির্বাচনে নৌকার মনোনয়ন বঞ্চিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. মোখলেসুর রহমান বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বলেন, প্রধানমন্ত্রী যাকে নৌকা দিয়েছেন তিনি সঠিক মাঝি নন। আব্দুল ওদুদ অনিয়ম দূর্নীতির মাঝি। আওয়ামী লীগে যোগদানের পর থেকেই দলে বিভক্তি সৃষ্টি করেছেন তিনি। এছাড়াও তার বিরুদ্ধে অবস্থান নিলেই নেতাকর্মীদের মামলা-হামলা করে হয়রানি করেন তিনি। আর তাই দলীয় মনোনয়ন দেয়া হলেও, আমরা তার নৌকা আটকে দেব নোঙর দিয়ে।
তিনি আরও বলেন, আব্দুল ওদুদের এই এক বছর মেয়াদে চাঁপাইনবাবগঞ্জে চারটি খুনের ঘটনা ঘটেছে তারই প্রত্যক্ষ মদদে। তিনি সব খুনের মামলায় শুধু অর্থ বাণিজ্য করেই ক্ষান্ত হননি, সাধারণ মানুষকেও জেলে পাঠিয়েছেন। ফলে এমন খুনীকে আর নির্বাচিত হতে দেয়া যাবে না। যে কোনো মূল্যে আব্দুল মতিনের নোঙর দিয়ে আব্দুল ওদুদের নৌকাকে আটকে দিতে হবে। আর সুষ্ঠু ভোটে যদি কোনো পক্ষ বাধা সৃষ্টি করলে সেই দুষ্টু হাত ভেঙে গুঁড়িয়ে দেয়া হবে।
আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান বলেন, দলীয় পদ কুক্ষিগত করে রাখা আব্দুল ওদুদকে সন্ধ্যা হলে আর শহরে খুঁজে পাওয়া যায় না। তিনি চলে যান মদের সাম্রাজ্যে। ফলে ভোটারদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা মদের পার্টিতে যাবেন নাকি মসজিদে যাবেন। আর তাই আমরা একজন ইমানদার মাওলানাকে ভোট দিয়ে সংসদে পাঠাতে চাই।
এ সময় পথসভায় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. রুহুল আমিন বলেন, আমরা এখানে নোঙরের পথসভায় জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত আছি। আর তাই আপনারা যাকে সবসময় পাশে পাবেন, তাকেই ভোট দিবেন।
এ সময় পথসভায় বিএনএম মনোনীত প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে আরও বক্তব্য রাখেন দ্বাদশ জাতীয় সংসদ থেকে মনোনয়ন প্রত্যাহারকারী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. গোলাম রাব্বানী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লেনিন প্রামাণিক, জেলা শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক জুয়েল রানা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুর রেজা ইমনসহ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আব্দল ওদুদ বলেন, আওয়ামী লীগের গণ বিচ্ছিন্ন কিছু নেতা দলের সুবিধা নেয়ার পরও নৌকার পরাজয়ে কাজ করছে। এটা দু:খজনক। কেন্দ্রীয় কমিটিকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানানো হবে। দলে থেকে দলের বাইরে নৌকার বিরুদ্ধে কাজ করলে এবং নৌকার পরাজয় হলে তা হবে অত্যন্ত লজ্জার।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে চারজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে দলীয় পদে থেকেও বিএনএম থেকে মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নেয়ায় দল থেকে বহিষ্কার করা হয় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল মতিনকে। তিনি বিএনপির সর্মথন নিয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হলেও বর্তমানে বিএনএম থেকে নোঙর প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।