নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের বেসরকারি হাসপাতাল ল্যাব ওয়ান মেডিক্যাল সার্ভিসেস-এ আবারও ভূল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছে। ল্যাব ওয়ান কতৃপক্ষ ও ডাক্তারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত্যের বাবা আবু সুফিয়ান। ওই অভিযোগের অনুলিপি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও গনমাধ্যামকর্মীদেরও দেন। এছাড়া ব্যবস্থা নিতে একটি অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাতেও মৃত প্রসূতির বাবা আবু সুফিয়ান।
অভিযোগের ভিত্তিতে সদর মডেল থানার অপারেশন অফিসার আতিকুল ইসলাম সরেজমিনে তদন্ত করেন। আতিকুল ইসলাম সিল্কসিটিনিউজকে জানান, অভিযুক্ত ডাক্তার ও ক্লিনিকের পরিচালক কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
অভিযোগ সূত্রে জানা যায়, পৌর এলাকার বাসিন্দা ও সার্কিট হাউসে কর্মরত আবু সুফিয়ান তার সন্তান সম্ভবা মেয়ে এক সন্তানের জননী হাবিবা খাতুন মুক্তার প্রসব বেদনা উঠলে ২৪ জুন দুপুরে শহরের পিটিআই মোড়ে অবস্থিত ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসে ভর্তি করেন। ভর্তির পর ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেসে দায়িত্বরত চিকিৎসক মো. শহিদুল ইসলাম খান জেনারেল সার্জন (সার্জারি), নবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জ রোগির আল্ট্রাসনোগ্রাফি করার আদেশ দেন।
আল্ট্রাসনোগ্রাফি রিপোর্ট দেখে চিকিৎসক শহিদুল ইসলাম খান জানান- রোগীর নরমাল ডেলিভারী হবেনা এই মূহুর্তে সিজার করা লাগবে বলে রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে বলেন। তবে অপারেশন থিয়েটারে আ্যানেসথেসিস্ট চিকিৎসকের অনুপস্থিতিতে চিকিৎসক শহিদুল ইসলাম খান নিজে রোগীকে অবশ করার ইনজেকশন পুশ করেন। ইনজেকশন দেওয়ার তিন মিনিটের মধ্যেই রোগির মৃত্যু হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্নভাবে ভয়ভিতী দেখিয়ে লাশ দাফন করতে বাধ্য করান।
এ অভিযোগ অস্বীকার করে ল্যাবওয়ানের পরিচালক মাইনুল ইসলাম ডলার জানান, রোগীকে আ্যানেসথেসিস্ট ইনজেকশন দেয়া হয়নি। এছাড়া যে অভিযোগ আনা হয়েছে ভুল চিকিৎসার সেটি মোটেও সত্য নয়।
সদর মডেল থানার ওসি সাবের রেজা আহম্মেদ জানান,অভিযোগ পাওয়ার পর পুলিশি তদন্ত চলছে। চিকিৎসকরা যেহেতু সরকারী কর্মকর্তা তাই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কাজী শামীম হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি অবহিত করেছি।
তিনি আরও জানান, বুধবার আ্যানাসথেসিয়া কনসালটেন্ট, আরএমওসহ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে আ্যানাসথেসিয়া পুশকারী চিকিৎসক শহিদুল ইসলাম খানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।
প্রসঙ্গত, এর আগেও ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেসে গত বছরের ১১ডিসেম্বর ভুল চিকিৎসায় মর্জিনা বেগম (২২) নামে এক প্রসূতির মৃত্যু হয়। সে সময় বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর ল্যাব ওয়ানের বিরুদ্ধে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেন সিভিল সার্জন। তবে অভিযুক্ত চিকিৎসক শহিদুল ইসলাম খান কে রাখা হয় তদন্ত কমিটিতে। অদৃশ্য কারনে পার পেয়ে যান চিকিৎসকসক সংশ্লিষ্টরা।
স/শ









