সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় দুজনের ১৪ বছর কারাদণ্ড

নিউজ ডেস্ক২ জুলাই ২০১৭২ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় দুজনের ১৪ বছর কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় দুই জনকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। আজ রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ জিয়াউর রহমান আসামীদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হল, জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি বাজারপাড়ার মনিরুল ইসলামের ছেলে মোঃ সোহেল রানা ওরফে রানা (২৩) ও একই উপজেলার তেলকুপি লম্বাপাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে মোঃ মজিবুর রহমান (৪৪)।
মামলার বিবরণ সুত্র ও সরকারি কৌসুলী আঞ্জুমান আরা জানান, গত ২০১৬ সালের ১১ জানুয়ারী রাত আটটায় র‌্যাবের অভিযানে শিবগঞ্জের চামাগ্রাম থেকে ওমরপুরগামী রাস্তার ওপর থেকে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার হন রানা ও মজিবুর। তাদের দেহ তল্লাশী করে ওই সব লাইসেন্সবিহীন অস্ত্র, ম্যাগজিন ও গুলি পাওয়া যায়। পরের দিন ১২ জানুয়ারী র‌্যাব-৫ রাজশাহীর রেলওয়ে কলোনী ক্যাম্পের ডিএডি নায়েব সুবেদার তবিবুর রহমান এ ঘটনায় বাদী হয়ে ওই দুইজনকে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবসায়ী হিসেবে আসামী করে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ এর (এ) ধারায় শিবগঞ্জ থানায় মামলা করেন। (মামলা নং শিবগঞ্জ থানা-১৮ তারিখ-১২ জানুয়ারি ১৬, বিশেষ ক্ষমতা নং-২৯৫/২০১৬, জিআর নং-১৮/২০১৬)।
সাক্ষ্য গ্রহণ ও শুনানী শেষে বিজ্ঞ আদালত রবিবার এই দণ্ডাদেশ প্রদান করেন। আসামী পক্ষে ছিলেন অ্যাড. আব্দুল ওদুদ।
স/অ