সিল্কসিটিনিউজ ডেস্ক:
চলমান শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, গায়ে যে দলেরই জার্সি থাকুক না কেন দুর্নীতিবাজ-লুটেরাদের ঠিকানা হবে জেলখানায় খালেদা জিয়ার পাশে।
বুধবার জাসদ কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধু এভিনিউয়ে গণমিছিলপূর্ব সমাবেশে হাসানুল হক ইনু এ কথা বলেন।

রাষ্ট্র-প্রশাসন-অর্থনীতি-সমাজের সব স্তরে সুশাসন প্রতিষ্ঠা ও চলমান দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান জোরদার ও অব্যাহত রাখার দাবিতে জাসদ এ কর্মসূচি পালন করে।
ঢাকা মহানগর জাসদের উদ্যোগে এতে মীর হোসাইন আখতার সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, নুরুল আখতার, নাদের চৌধুরী, আফরোজা হক রীনা।
ইনু আরও বলেন, দুর্নীতিবাজ-লুটেরা, অসৎ অফিসার, অসৎ রাজনীতিকদের বিরুদ্ধে ত্রিমুখী অভিযান পরিচালনা করে সিন্ডিকেট ধ্বংস করে দিতে হবে। চলমান শুদ্ধি অভিযান ও দুর্নীতিবিরোধী অভিযান জেলা-উপজেলা পর্যন্ত পরিচালনা করতে হবে।










