গোমস্তাপুর প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুরে অবস্থিত ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশনে আবারও ‘পাম্পে তেল নেই’ স্টিকার ঝুলিয়ে তেল বিক্রয় বন্ধ রেখে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে আবারও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে সরেজমিন পরিদর্শন করে ভ্রাম্যমান আদালত দেখতে পায় ফিলিং স্টেশনটিতে ৩২৬৯ লিটার পেট্রোল, ৫৭৭ লিটার ডিজেল এবং ১৪৬ লিটার অকটেন মজুদ রয়েছে। মজুদ থাকা সত্ত্বেও পণ্য (পেট্রোল, ডিজেল, অকটেন) বিক্রয় না করার অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা অনুসারে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। এছাড়া ভ্রাম্যমান আদালতের নির্দেশে মজুদ থাকা জ্বালানি বিক্রয়ের কার্যক্রম শুরু করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে জানায় ভ্রাম্যমান আদালত।প্রসঙ্গত:গত ২৭ মার্চ একই অপরাধে একই ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।









