রাজশাহী

গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ, এনসিপি নেতার বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক১৩ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে দলীয়করণ ও অনিয়মের প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আতিকুর রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী মোক্তার হোসেন (৫২) গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা।

অভিযোগে উল্লেখ করা হয়, ১২ অক্টোবর সকাল ১১টার দিকে গোদাগাড়ী উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে শহীদ মিনার চত্বরে এনসিপির ব্যানারে সার ডিলার নিয়োগে দলীয়করণ ও অনিয়মের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় আতিকুর রহমানসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন উপস্থিত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে এনসিপি নেতা আতিকুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সার ডিলার নিয়োগে দলীয়করণ ও অনিয়মের প্রতিবাদে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করতে গিয়েছিলেন। সেখানে এনসিপির নেতাকর্মীদের পাশাপাশি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আতিকুর রহমান আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ রক্ষায় এনসিপিকে কেন্দ্র করে অপপ্রচার চালাচ্ছে এবং ভিত্তিহীন মামলা করছে। বিএনপির বিভিন্ন নেতার চাপে এ মামলা করা হয়েছে বলে তিনি মনে করেন।

তিনি অভিযোগ করেন, সার ডিলার নিয়োগে অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জড়িত থাকতে পারেন। সাধারণ মানুষের স্বার্থ ও অধিকার রক্ষায় তাঁরা কাজ করে যাচ্ছেন বলেও দাবি করেন তিনি।

এদিকে, অভিযোগকারী মোক্তার হোসেনের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।