সদ্য প্রকাশিত
রাজনীতি

খুব শিগগির রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আ. লীগ : রাশেদ

নিউজ ডেস্ক২০ এপ্রিল ২০২৫২ মিনিট পড়া
খুব শিগগির রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আ. লীগ : রাশেদ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দিন যতো যাচ্ছে, আওয়ামী লীগের মিছিলে উপস্থিতি ততো বাড়ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। খুব শিগগিরই রাজনীতিতে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হতে যাচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। আজ রবিবার এক ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন। এ সময় তিনি সবাইকে ঐক্যের আহ্বান জানান।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, ‘খুলনায় আজকে সকাল ৭টায় আওয়ামী লীগ বিশাল মিছিল করেছে। দিন যতো যাচ্ছে, আওয়ামী লীগের মিছিলের সারি ততো বড় হচ্ছে। সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব, ভোটের রাজনীতির মারপ্যাচ ও বিদেশিদের সহযোগিতায় খুব শিগগিরই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আওয়ামী লীগ।’

তিনি আরো বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে ন্যূনতম বোঝাপড়া ছাড়া আওয়ামী লীগের ফেরানো কেউ থামাতে পারবে না।

আওয়ামী লীগ কোন ছোট শক্তি নয়। যদি আওয়ামী লীগকে ছোট ভেবে ধাক্কা দিবেন না মনে করেন, তাহলে আওয়ামী লীগ সংগঠিত হয়ে এমন ধাক্কা দিবে তখন সকলে পিষ্ট হয়ে যাবেন।’
সবশেষে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সবাইকে ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, ‘সুতরাং বাঁচতে চাইলে ঐক্য, নইলে হবেন পিষ্ট। আওয়ামী লীগ ফিরতে পারলে, রবে না কিছু অবশিষ্ট।

আজ রবিবার সকালে খুলনা শহরতলীর জিরোপয়েন্ট এলাকা থেকে এ ঝটিকা মিছিল বের হয়। এর কয়েক মিনিটের মধ্যেই মিছিলটি শেষ হয়। এতো দ্রুত মিছিলটি শেষ হয়েছে যে মিছিলকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। ৫ আগস্টের পতনের পর থেকে খুলনায় আওয়ামী লীগের এটিই প্রথম মিছিল। সূত্র: কালের কণ্ঠ