সিল্কসিটিনিউজ ডেস্ক:
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকা ফেরার পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর ফেনীর মহিপাল পার হওয়ার সময় দুটি বাসে অগ্নিসংযোগ ও বোমাবাজির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে খালেদার গাড়িবহর মহিপাল ফিলিং স্টেশন পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খালেদা জিয়ার গাড়িসহ বহরের ৩০-৩৫টি গাড়ি পেরিয়ে যাওয়ার পর দুটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং সড়কের উল্টো দিকে চট্টগ্রামমুখী দুটি বাসে আগুন ধরে যেতে দেখা যায়।
এর পরপরই সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়ে যায় এবং বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
ফিরতি পথে খালেদা জিয়ার ফেনী সার্কিট হাউজে যাত্রাবিরতি করার কথা থাকলেও রওনা হতে দেরি হওয়ায় সেই পরিকল্পনা বাদ দেওয়া হয়।
তার বহর ফেনী পার হওয়ার সময় স্থানীয় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকশ নেতাকর্মী মোটর সাইকেল নিয়ে বিএনপিনেত্রীকে এগিয়ে দেয়।
ওই বহর মহিপাল অতিক্রম করার সময়ই বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এর আগে গত শনিবার খালেদা জিয়া কক্সবাজারে যাওয়ার পথেও ফেনী জেলার সীমানার শুরুতে মোহাম্মদ আলী বাজারে তার বহরে হামলা হয়।
ওই ঘটনায় খালেদার বহরের এবং গণমাধ্যমের প্রায় ৩০টি গাড়ি ভাংচুরের শিকার হয়। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও কয়েকজন গণমাধ্যমকর্মী মারধরের শিকার হন।
ওই হামলার জন্য বিএনপি ফেনীর আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের দায়ী করছে। অন্যদিকে আওয়ামী লীগের দাবি, বিএনপি হামলার এই ঘটনা সাজিয়েছে।
সূত্র: বিডিনিউজ










