সদ্য প্রকাশিত
রাজনীতি

কোটা নিয়ে সরকারের ভূমিকা ‘দ্বিচারিতা’

নিউজ ডেস্ক৫ অক্টোবর ২০১৮৩ মিনিট পড়া
কোটা নিয়ে সরকারের ভূমিকা ‘দ্বিচারিতা’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আন্দোলনকারী তরুণ ছাত্রছাত্রীরা চেয়েছিলেন কোটা সংস্কার। তারা কখনও কোটা বাতিল চায়নি।

তারপরও সিদ্ধান্ত হয়েছে কোটা তুলে নেয়ার। আবার ঘোষণা দিয়ে মুক্তিযোদ্ধাদের সন্তান-নাতি-নাতনিদেরও রাস্তায় নামিয়ে দেয়া হয়েছে।

উপজাতীয়দের নামিয়ে দেয়া হয়েছে। এটা দ্বিচারিতা। তিনি বলেন, সরকারের উদ্দেশ্য একটাই- কোটা সংস্কারের আন্দোলন বাস্তবায়িত হতে দেবে না।

সরকার এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এবং উদ্দেশ্য এটাকে বিভ্রান্ত করা। এটা যাতে বাস্তবায়িত না হয় সরকারই এই কাজগুলো করছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শাহবাগে মুক্তিযোদ্ধাদের সন্তান-সন্ততিদের আন্দোলন প্রসঙ্গ টেনে রিজভী বলেন, প্রধানমন্ত্রীই বলেছেন আন্দোলন করো। এখন মুক্তিযোদ্ধাদের সন্তান-সন্ততিদের বসিয়েছেন।

সরকার প্রকাশ্য ঘোষণা দিয়েই তাদের বসিয়েছে। তাহলে বুঝতে হবে কত দুরভিসন্ধিমূলকভাবে এই কাজটি করছে। এজন্যই বলেছি দ্বিচারিতা। প্রধানমন্ত্রীকে ‘দ্বিচারিতার’ পথ থেকে সরে আসার আহ্বানও জানান তিনি।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী কেন ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যাপারে এত উৎসাহী। তিনি কেন পুলিশকে এত লাগামছাড়া লাইসেন্স দিয়েছেন পত্রিকার অফিসে ঢুকে কাগজপত্র সিজ করার।

গ্রেফতারের বিষয়ে কেন এত উৎসাহী। অন্য গণতান্ত্রিক দেশে এই ধরনের কোনো দৃষ্টান্ত নেই।

সাংবাদিকদের কোনো অধিকার থাকবে না মন্তব্য করে রিজভী বলেন, সেই অধিকার বন্ধ করার জন্যই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। অর্থাৎ এই সরকারের দুর্নীতি, মেগা দুর্নীতি যাতে প্রকাশ করা না হয় সেজন্য এই আইন করা হয়েছে।

হলমার্কের অনুসন্ধানী রিপোর্ট, ব্যাংকের অর্থ লোপাটের নিউজ বলুন- এগুলো কি মিথ্যা ছিল? মিথ্যা ছিল না। সেগুলো গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বলে প্রধানমন্ত্রী খুব ব্যথিত। আরও যেসব মহাদুর্নীতি আছে যার সঙ্গে মহাশক্তিশালীরা জড়িত তা যাতে প্রকাশ না পায় সেজন্যই এই আইন।

জনগণের কণ্ঠস্বর বন্ধ করার জন্য সরকারপ্রধান কফিনের শেষ পেরেক ঠোকার কাজটি করেছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা-মামলার বিষয়ে রিজভী বলেন, এই মামলায় বিচার কার্য অনেক দূর এগিয়ে যাওয়ার পর বিচারিক আদালত থেকে চার্জশিট ফিরিয়ে এনে সম্পূরক চার্জশিট দেয়া হয় আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর, যা ছিল বেআইনি ও নজিরবিহীন। এতে মুখ্য উদ্দেশ্য ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মামলায় জড়ানো।

রিজভী বলেন, ২০১১ সালের ৭ এপ্রিল মুফতি হান্নানকে অমানুষিক নির্যাতনের করে তাকে দিয়ে আদালতে তারেক রহমানের নাম বলানো হয়। এটি করার পর মুফতি হান্নান সুযোগ খুঁজছিল তা প্রত্যাহারের। অবশেষে ২০১১ সালের ২৭ সেপ্টেম্বর সেই সুযোগ পেয়ে যায়।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নুর উদ্দিনের আদালতে মুফতি হান্নান লিখিতভাবে জানান, ২০১১ এর ৪ এপ্রিল কাশিমপুর কারাগার থেকে এনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলগেটে জেল সুপার লিখিত কাগজ স্বাক্ষর করতে বলে।

স্বাক্ষর না করলে অশ্লীল গালিগালাজ করে, বিষ প্রয়োগে মেরে ফেলার কথা বলে। মুফতি হান্নান বলেন, মাননীয় আদালত আমি ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে কোনোভাবেই জড়িত নই। আর তারেক জিয়া, হারিছ চৌধুরী ও বাবরের সঙ্গে কোনোদিনই হাওয়া ভবনে দেখা করিনি। পিন্টু সাহেবের বাসায়ও আমি কোনোদিন যাইনি।

বিএনপির এই নেতা বলেন, এই মামলায় তারেক রহমানসহ অন্যান্য নেতা ও সরকারের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তারা ন্যায়বিচার পাবেন কিনা সেটি নিয়ে প্রশ্ন এখন দীর্ঘতর হচ্ছে।

এছাড়া বুধবার সারাদেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশের কেন্দ্রীয় কর্মসূচিতে ঠাকুরগাঁও, পটুয়াখালী, চট্টগ্রাম, মুন্সীগঞ্জ, ফেনী, গাজীপুরসহ বিভিন্ন স্থানে পুলিশ হামলা ও গ্রেফতারের ঘটনায় নিন্দা জানান রিজভী। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, বেলাল আহমেদ প্রমুখ।