সিল্কসিটিনিউজ ডেস্ক :
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। একই হামলায় অন্তত ৬৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার কুয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাসের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে।

বার্তা সংস্থা আলজাজিরা জানায়, বুধবার ভোরে চালানো এই হামলায় বিমানবন্দরের একটি টার্মিনাল ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং কয়েকটি কূটনৈতিক মিশনও ক্ষতির মুখে পড়ে। বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত অংশগুলো ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।
হামলার পরপরই জরুরি সেবা ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে স্থানান্তর করেন।
এদিকে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আহত ৬৩ জনের মধ্যে গুরুতর অবস্থায় ৭ জনকে জরুরি অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে।
কুয়েতি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিমানবন্দর কর্মী ও যাত্রীসহ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হামলায় বিমানবন্দরের বিভিন্ন স্থাপনা এবং কয়েকটি কূটনৈতিক মিশন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর নিরাপত্তার স্বার্থে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করা হয়।
পরবর্তীতে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, ক্ষয়ক্ষতির মূল্যায়ন ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পর টার্মিনাল-৪ থেকে কুয়েত এয়ারওয়েজের ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
কুয়েত সরকার হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতির পরিপন্থী। তবে হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে এই হামলা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।










