সিল্কসিটিনিউজ ডেস্ক:
গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে আপাতত নিজস্ব কর্মসূচি নিয়েই এগোবে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্য প্রক্রিয়া এবং অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট।
বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার উদ্যোগের পাশাপাশি দেশব্যাপী নিজেদের অবস্থানের পক্ষে জনমত গড়ে তুলতে এ পরিকল্পনা নিয়েছেন তারা। দুই জোটের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

তাদের মতে, ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবিতেই মূলত জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্ট একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নিয়েছে। এ দাবিতেই বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার কথাও বলে আসছেন তারা। জামায়াতে ইসলামীকে বাইরে রেখে বিএনপি, বাম প্রগতিশীল ঘরানাসহ বিভিন্ন রাজনৈতিক দলকে এ ঐক্যে শরিক হতে আমন্ত্রণ জানিয়েছে। এ নিয়ে আলাপ-আলোচনাও চলছে। কিছু ইস্যু অমীমাংসিত থাকলেও বেশির ভাগ ক্ষেত্রেই কাছাকাছি এসেছেন তারা।
জোট নেতাদের মতে, জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্টের পথচলা মাত্র শুরু হয়েছে। এখনই কারও মঞ্চে ওঠা ঠিক হবে না। এ অবস্থায় আরও কিছুদিন নিজস্ব কর্মসূচি নিয়েই পথচলাকে শ্রেয় মনে করছেন তারা। নির্বাচন ঘনিয়ে আসার পর একমঞ্চে ওঠার বিষয়টি চূড়ান্ত করবেন তারা। আপাতত নিজস্ব কর্মসূচি নিয়েই আগাবে জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্ট।
এ প্রসঙ্গে যুক্তফ্রন্টের অন্যতম প্রধান শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, ‘আমরা আপাতত আমাদের কর্মসূচি নিয়ে পথচলার সিদ্ধান্ত নিয়েছি। আমরা মনে করি, যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতৃত্বে জাতীয় ঐক্য গড়ে তোলার যে যাত্রা শুরু হয়েছে, তা বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে এগিয়ে নিতে চাই।’
জানা গেছে, ৩০ সেপ্টেম্বর ময়মনসিংহে যৌথভাবে জনসভা করবে যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়া। পর্যায়ক্রমে সিলেট, রাজশাহী ও চাঁদপুরে জনসভা করবে দুই জোট। এছাড়া সভা, সমাবেশ, মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচি দেয়ার কথা ভাবছে তারা।
এদিকে বিশিষ্ট আইনজীবী ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন চিকিৎসার জন্য থাইল্যান্ড গেছেন। থাই এয়ারওয়েজের একটি বিমানে বুধবার রাতে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
ড. কামাল হোসেনের সঙ্গে তার স্ত্রী হামিদা হোসেন রয়েছেন। ৬ বা ৭ অক্টোবর ড. কামালের দেশে ফেরার কথা রয়েছে। এ প্রসঙ্গে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, ‘স্যার অসুস্থ। চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন।
তিনি দেশে না থাকলেও যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার উদ্যোগ অব্যাহত থাকবে। আমরা আমাদের কাজ চালিয়ে যাব।’










