সদ্য প্রকাশিত
রাজনীতি

এরশাদ এখনও শঙ্কার মধ্যেই আছেন: জিএম কাদের

নিউজ ডেস্ক৮ জুলাই ২০১৯১ মিনিট পড়া
এরশাদ এখনও শঙ্কার মধ্যেই আছেন: জিএম কাদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এখনও শঙ্কার মধ্যেই আছেন বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জিএম কাদের বলেন, বেলা ১১টায় হুসেইন মুহম্মদ এরশাদকে সিএমএইচে দেখে এসেছি। উনি তখন ঘুমাচ্ছিলেন, তবে খারাপ লেগেছে ওনার মুখের ভেতরে কতগুলো পাইপ দেখে।

তিনি আরও বলেন, মনে হচ্ছিল অনেকদিন পর উনি শান্তিতে ঘুমাচ্ছেন। ডাক্তার আমাকে বলেছে, উনি এখনও শঙ্কামুক্ত নন। তবে কিছু কিছু ক্ষেত্রে সামান্য উন্নতি হয়েছে। জিএম কাদের বলেন, লাইফ সাপোর্ট বহাল রয়েছে, যতক্ষণ পর্যন্ত উনার স্বাভাবিক ক্রিয়ার উন্নতি না হয়। সকালে যখন দেখেছি তখন ডায়ালাইসিস চলছিল হেমো ডায়াফিল্টারিং মেশিন দিয়ে।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এর আগে পার্টি কার্যালয়ে এরশাদের রোগমুক্তি কামনায় মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়। দলের নেতারা এতে অংশ নেন।