সিল্কসিটিনিউজ ডেস্ক:
এফ-৩৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গারগুলোসহ প্রায় ২১টি মার্কিন বিমান ও নৌ ঘাঁটিতেও হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বুধবার আইএসএনএ এ খবর জানিয়েছে।
আইআরজিসিকে উদ্ধৃত করে ইরানের এই সম্প্রচার মাধ্যমটি জানায়, চারটি গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালানো হয়েছে। এর মধ্যে জর্দানের আল-আজরাক ঘাঁটিতে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর কমান্ড ও কন্ট্রোল সেন্টারও রয়েছে। এ ছাড়া এই অঞ্চলে মোট ২১টি বিমান ও নৌ ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

আইএসএনএ-এর মতে, জর্দানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতেও ইরানি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
এদিকে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি কুয়েত ও বাহরাইনে নতুন বিস্ফোরণের খবর দিয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই দুটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো আবারও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বাহরাইনে একটি মার্কিন নৌঘাঁটি লক্ষ্য করে চালানো ড্রোন হামলার দায়ও আইআরজিসি স্বীকার করেছে।
ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইআরজিসি ঘোষণা করেছে, স্থানীয় সময় আনুমানিক রাত ২ টা ৩০ মিনিটে তাদের নৌবাহিনী বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে একটি ড্রোন হামলা চালিয়েছে।
দিনের শুরুতে দক্ষিণ ইরানের বিভিন্ন স্থানে মার্কিন হামলার জবাবে এই হামলা চালানো হয়।
এদিকে হরমুজ প্রণালির ওপর একটি মার্কিন সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনাকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়েছে। গতকাল মঙ্গলবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ঘোষণা করেছে, মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে ‘আত্মরক্ষামূলক হামলা’ শুরু করেছে।
এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, ‘গতকাল মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার জবাবে, সেন্ট্রাল কমান্ড বাহিনী ইরানে আত্মরক্ষামূলক হামলা শুরু করেছে।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে নিশ্চিত করেছিলেন, হরমুজ প্রণালির ওপর টহলরত একটি অ্যাপাচি হেলিকপ্টার ইরানের হামলায় ভূপাতিত হয়েছে।










