সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলার সীমান্তবর্তী জবই বিল গর্ভে নির্মিত ব্রিজের রাস্তার দুইপাশের এপ্রজের ব্লক না দেওয়ার কারণে উভয় পাশের মাটি সরে গিয়ে সদ্য নির্মিত রাস্তাটি এখন হুমকির মুখে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে সরকারের এলজিইডি অধিপ্তরের তত্ত্বাবধায়নে এবং এশিয়ান ডেভেলপমেন্ট উন্নয়ন ব্যাংক (শ্রীপ) এর অর্থায়নে একটি ব্রিজ নির্মাণের কাজ গত জুন মাসে সমাপ্ত করা হয়। বিলগর্ভে সমস্ত রাস্তার উভয় পাশে ঢাল নির্মাণে সিসি ব্লক দিয়ে বাধাই করা হলেও বিলের মাঝখানে ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তার উভয় পাশে প্রায় তিনশ মিটার করে মোট ছয়শ মিটার এলাকায় সিসি ব্লক দিয়ে বাঁধাই ছাড়া স্থানটি অরক্ষিত রাখা হয়।


ইতিপূর্বে স্থানীয় সাংবাদিকগণ রাস্তার ওই স্থানটির বর্ণনা দিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করলেও কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়নি।
বর্তমানে বিলের পানি অর্ধেক ভর্তি হতে না হতেই অরক্ষিত ওই স্থানের রাস্তার দুই সাইডের এপ্রজের ব্লক না দেওয়ার কারণে রাস্তার মাটি সরে গিয়ে ফাটলের সৃষ্টি হয়েছে।
অচিরেই রাস্তাটির উভয় পাশে বাধাই করা না হলে অল্প দিনের মধ্যেই সম্পুর্ণ রাস্তা ভেঙ্গে গিয়ে দু’পারের লোকজনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে এলাকাবাসী মনে করছেন।
এই বিষয়ে রাস্তা নির্মাণকারী ঠিকাদারী প্রাতিষ্ঠানের প্রধান সাদেকুল ইসলামের সাথে কথা হলে তিনি সিল্কসিটি নিউজকে জানান, সমস্ত রাস্তায় ঢাল বাধাই ও ব্রিজের জন্য বরাদ্দ দেয়া হলেও রাস্তার ওই অংশটুকুর জন্য বরাদ্দ না থাকায় তা বাধাই করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে আমরাও কর্তৃপক্ষের সাথে কথা বলেছি কিন্তু কোন কাজ হয়নি।
অল্প সময়ের মধ্যে রাস্তার উভয় পার্শ্বে ঢাল বাধাই করা না হলে বর্ষার মধ্যেই রাস্তার ওই অংশটুকু বিল গর্ভে বিলিন হয়ে যাবে বলেও তিনি মনে করেন। বিলের উভয় পাড়ের হাজার হাজার জনগণ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
স/বি










