সিল্কসিটিনিউজ ডেস্ক :
ইউক্রেন ও রাশিয়া রাতভর একে অপরের ওপর হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া ইউক্রেনে হামলার জন্য উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে।
জেলেনস্কি জানান, জাপোরিঝিয়ায় রুশ হামলায় উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ওই হামলায় অন্তত ছয়জন নিহত এবং আরো ১৯ জন আহত হয়েছে।

অন্যদিকে ইউক্রেন রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভোরোনেঝ শহরে হামলা চালিয়েছে। সেখানে অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের গুদামগুলোতে হামলা হয়।
রাশিয়ায় ‘অ্যামাজন’ নামে পরিচিত এই প্রতিষ্ঠানটির স্থাপনাগুলো সাম্প্রতিক সপ্তাহগুলোতেও একাধিকবার হামলার শিকার হয়েছে। এর একদিন আগে রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। তাতারস্তান ইউক্রেনের সীমান্ত থেকে ১ হাজার ১০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত।
সোমবার সন্ধ্যায় এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, এই প্রথম রাশিয়া উত্তর কোরিয়ার সহায়তা ছাড়া যুদ্ধ চালিয়ে যেতে পারছে না। তিনি বলেন, ইউক্রেন ও ইউরোপে উত্তর কোরিয়ার অংশগ্রহণ যত বাড়বে এবং তাদের ক্ষেপণাস্ত্র ও সেনা যত বেশি ব্যবহার করা হবে, তারা যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা নিয়ে নিজেদের দুর্বলতা ও সীমাবদ্ধতা কাটিয়ে উঠবে। এতে পুরো বিশ্বের জন্য নতুন ঝুঁকি তৈরি হচ্ছে বলেও সতর্ক করেন তিনি।
জেলেনস্কি একই ভাষণে পশ্চিম সাইবেরিয়ায় রাশিয়ার একটি পেট্রোকেমিক্যাল কারখানায় ইউক্রেনের বিমান হামলার প্রশংসা করেন। তিনি এটিকে ইউক্রেনীয় সেনাবাহিনীর ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য’ বলে উল্লেখ করেন।
জেলেনস্কি আরো বলেন, ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার হামলা চালিয়ে যাবে। তার ভাষায়, এসব হামলার মাধ্যমে রাশিয়া ও রুশ জনগণকে বোঝানো হবে যে শান্তি প্রতিষ্ঠা করা জরুরি।
জেলেনস্কি এর আগেও রাশিয়াকে উত্তর কোরিয়ার কাছ থেকে সামরিক সহায়তা নেওয়ার অভিযোগ করেছেন। তিনি সতর্ক করে বলেছিলেন, রাশিয়ার ভূখণ্ড রক্ষায় চলমান যুদ্ধে যোগ দিতে উত্তর কোরিয়া থেকে ৫০ হাজার পর্যন্ত সেনা পাঠানো হচ্ছে।
জাপোরিঝিয়ার আঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ আগুনে জ্বলতে থাকা যানবাহন ও ভবনের ছবি প্রকাশ করে জানান, রাশিয়া ক্ষেপণাস্ত্র ও গাইডেড বোমা দিয়ে শহরটিতে হামলা চালিয়েছে। এতে অন্তত ছয়জন নিহত এবং আরো ১৯ জন আহত হয়েছেন। কিয়েভেও রুশ হামলায় একজন আহত হয়েছেন। রাতে দুইবার বিমান হামলার সতর্কতা জারি করা হয়। রাজধানীর উপকণ্ঠে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কয়েকটি স্থানে আগুন ধরে যায়।
ফেদোরভ জানান, জাপোরিঝিয়ায় হামলায় শিল্পকারখানা, অবকাঠামো ও বিভিন্ন অনাবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাশিয়া রাতভর ১২০টি ড্রোন এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। তবে এবার কতটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বা কতটি প্রতিহত করা হয়েছে, সে সংখ্যা তারা প্রকাশ করেনি।
এর আগে সোমবার ইউক্রেনের বিমানবাহিনী গণমাধ্যমকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতি নিয়ে ‘চাঞ্চল্যকর শিরোনাম’ প্রকাশ না করার এবং হতাশা ছড়ায় এমন খবর না দেওয়ার আহ্বান জানায়।
কিয়েভে রুশ হামলায় একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কর্মকর্তারা জানান, হামলার সময় হাসপাতালের চিকিৎসক ও রোগীরা নিরাপদ আশ্রয়ে ছিলেন। এ ছাড়া খেরসন ও খারকিভে বিদ্যুৎ উপকেন্দ্রে হামলার কারণে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।
সুমি শহরের সামরিক প্রশাসনের প্রধান সের্হি ক্রিভোশেইনকো জানান, রাশিয়ার ড্রোন হামলায় দুই নারী আহত হয়েছেন। তাদের বয়স ৫২ ও ৬৬ বছর। ঘটনাস্থলেই তাদের চিকিৎসা দেওয়া হয়। হামলায় বেসামরিক যানবাহন, গুদাম ও বিভিন্ন অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে রাশিয়ার ভোরোনেঝ অঞ্চলে দেশটির সবচেয়ে বড় অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের একটি লজিস্টিকস কেন্দ্রে আগুন ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ওয়াইল্ডবেরিজ এখনো হামলার বিষয়টি নিশ্চিত করেনি। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইউক্রেনের সীমান্তবর্তী ওই অঞ্চলে তাদের স্থাপনাগুলো খালি করে দেওয়া হয়েছে।
জুলাই মাসেও ওয়াইল্ডবেরিজের কয়েকটি গুদামে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বিপুলসংখ্যক ছোট ও মাঝারি ব্যবসার কার্যক্রম ব্যাহত হয়েছিল। তখন কিয়েভ বলেছিল, রুশরা সামরিক সরঞ্জাম কেনার জন্য যেসব লজিস্টিকস কেন্দ্র ব্যবহার করে, সেগুলোই তাদের লক্ষ্য ছিল। এর মাধ্যমে রুশ সেনাবাহিনীর সরবরাহ ব্যবস্থাও ব্যাহত করার চেষ্টা করা হয়।
এদিকে চলতি সপ্তাহে রাশিয়ার তাতারস্তানে ইউক্রেনের হামলাটি ২০২২ সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর রাশিয়ার ওপর চালানো সবচেয়ে প্রাণঘাতী একক হামলাগুলোর মধ্যে একটি। হামলায় অন্তত ৭৫ জন আহত হয়েছেন। ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা তাতারস্তানের তানেভো তেল শোধনাগারে হামলা চালিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই করা ছবিতে দিনের বেলায় আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী ও আগুনের শিখা দেখা গেছে। এ সময় পেছনে বিমান হামলার সতর্কসংকেতও শোনা যায়। তাতারস্তানে অবস্থিত উজবেকিস্তানের কনস্যুলেট জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন উজবেকিস্তানের নাগরিক ছিলেন।










