সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

ইবোলা কেন্দ্র স্থাপনের প্রতিবাদে কেনিয়ায় বিক্ষোভ, নিহত ২

নিউজ ডেস্ক৩ জুন ২০২৬২ মিনিট পড়া
ইবোলা কেন্দ্র স্থাপনের প্রতিবাদে কেনিয়ায় বিক্ষোভ, নিহত ২

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কেনিয়ায় মার্কিন ইবোলা চিকিৎসা কেন্দ্র স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের গুলিতে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১ জুন) দেশটির নানিয়ুকি শহরে শত শত মানুষ এই পরিকল্পনার বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করেন।

তারা রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানালে পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছুঁড়ে। এতে দুই যুবক নিহত হন। নিহতদের মধ্যে একজনের পরিবার জানিয়েছে, তাদের সন্তান কোনো বিক্ষোভের সাথে জড়িত ছিল না, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ গুলিবিদ্ধ হয়। তবে পুলিশ বা স্থানীয় কর্মকর্তারা এখনো এই মৃত্যুর বিষয়ে কোনো মন্তব্য করেননি।
 

কেনিয়ার প্রতিবেশী দেশ কঙ্গোতে ইবোলা রোগ ছড়িয়ে পড়েছে। সেখানে আক্রান্ত হওয়া মার্কিন নাগরিকদের চিকিৎসা দেওয়ার জন্য কেনিয়ার একটি সামরিক ঘাঁটিতে ৫০ শয্যার এই কেন্দ্রটি তৈরি করতে চায় আমেরিকা। কিন্তু কেনিয়ার সাধারণ মানুষ ও চিকিৎসকদের সংগঠন এর তীব্র বিরোধিতা করছে। তাদের ভয়, কেনিয়ায় এখনো কোনো ইবোলা রোগী না থাকলেও, এই কেন্দ্রের কারণে পুরো দেশে এই মারাত্মক ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।

মানুষের সুরক্ষার কথা চিন্তা করে দেশটির হাইকোর্টও এই কেন্দ্রের কাজ সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। 

অবশ্য আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও সামরিক ঘাঁটিতে কেন্দ্র তৈরির প্রস্তুতি থেমে নেই। এই নিয়ে দেশে উত্তেজনা চললেও কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো মার্কিন পরিকল্পনার পক্ষ নিয়েছেন। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিনের বন্ধুত্বের খাতিরে এই সাহায্য চেয়েছিলেন এবং তিনি তাতে রাজি হয়েছেন। রাষ্ট্রপতি দেশবাসীকে এই বিষয় নিয়ে রাজনীতি না করার অনুরোধ করেছেন এবং বলেছেন সরকার সব বুঝেশুনেই সিদ্ধান্ত নিচ্ছে।

তবে আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে, সরকারকে এই কেন্দ্রের সব তথ্য জনগণের সামনে প্রকাশ করতে হবে। 

সূত্র : বিবিসি