আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ১

নিউজ ডেস্ক১৮ মে ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইউক্রেনের দক্ষিণের ওডেসা এবং দক্ষিণ-পূর্বের দনিপ্রো শহরে রাতভর ড্রোন, ক্ষেপনাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি একজন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।

সোমবার (১৮ মে) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান সেরহি লিসাক জানিয়েছেন,কৃষ্ণ সাগর উপকূলের প্রধান রপ্তানি বন্দর ওডেসাতে রাশিয়ার ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে একটি আবাসিক ভবন, একটি স্কুল ও একটি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে।

তিনি আরো বলেন, ‘হামলায় ১১ বছর বয়সী এক বালক ও ৫৯ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন।’

আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর হানঝা এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, পৃথক হামলায় ইউক্রেনের দক্ষিণ-পূর্ব দনিপ্রো শহরে আঠের জন আহত হয়েছে,যাদের মধ্যে দুই জন শিশু রয়েছে।

এদিকে জাপোরিঝিয়া গভর্নর ইভান ফেদোরভ জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব জাপোরিঝিয়া অঞ্চলে রুশ হামলায় তিনজন আহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় খেরসন প্রদেশে হামলায় একজন নিহত ও নয়জন আহত হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স সংবাদমাধ্যম জানিয়েছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলের রোস্তভ ও বেলগোরোদ অঞ্চলে গত রাতে ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।