সিল্কসিটিনিউজ ডেস্ক :
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৪ সদস্যের দলটির নাম প্রকাশ করে।
এই দলে চার নতুন মুখ- সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি ও নুরুল হাসান সোহান।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দলে আরো চমক রয়েছে। দলে ফিরেছেন পেসার শফিউল ইসলাম ও অলরাউন্ডার শুভাগত হোম।
সর্বশেষ টেস্টের দল থেকে পাঁচ পরিবর্তন আনা হয়েছে। গত বছর জুলাই-আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা দল থেকে বাদ পড়েছেন জুবায়ের হোসেন, লিটন দাস, মোহাম্মদ শহীদ, নাসির হোসেন ও রুবেল হোসেন। তা ছাড়া এবারের দলে পেসার মাত্র দুজন।
তবে শুভাগতকে ফেরানো হয়েছে তাঁর স্পিন সামর্থ্যের কথা বিবেচনা করে। ইংল্যান্ডের বিপক্ষে বেশ কজন ব্যাটসম্যান বাঁহাতি বলে দুজন অফ স্পিনার রেখেছেন নির্বাচকরা।
পেসার কামরুলের ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স বেশ উজ্জ্বলই। ৪৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১০৩টি। অবশ্য গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও অভিষেক হয়নি তাঁর।
আর শফিউল সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৪ সালের নভেম্বরে। আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো পারফর্ম করে এবার টেস্ট দলেও জায়গা করে নিয়েছেন তিনি।
আগামী ২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বসছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট।
প্রথম টেস্টের দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাকিব আল হাসান, সৌম্য সরকার, শুভাগত হোম, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম ও শফিউল ইসলাম।
সূত্র :এনটিভি









