সিল্কসিটিনিউজ ডেস্ক:
ভারতের পরিকল্পনায় সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী এবং ফজলে নূর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। গত বৃহস্পতিবার (২০ মার্চ) সামাজিকমাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা বলেন। গত ১১ মার্চ তিনিসহ আরও দুজনকে আসন সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব কথা তিনি তুলে ধরেন।
হাসনাত লেখেন, জুলাই আন্দোলনের সময়ও আমাদের দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করা হয়েছে। কখনো এজেন্সি কখনো বা ক্যান্টনমেন্ট থেকে নানা ধরনের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেওয়া হয়েছে। আমরা ওসব চাপে নতি স্বীকার না করে আপনাদের তথা জনগণের ওপর আস্থা রেখেছি। আপনাদের সঙ্গে নিয়েই হাসিনার চূড়ান্ত পতন ঘটিয়েছি। আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের ওপরেই ভরসা রাখতে চাই। এ পোস্ট দেওয়ার পর আমার কী হবে আমি জানি না। নানামুখী প্রেশারে আমাকে হয়তো পড়তে হবে হয়তো বিপদেও পড়তে হতে পারে। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরণের আপস করার সুযোগ নেই।

সূত্র: যুগান্তর










