সিল্কসিটিনিউজ ডেস্ক :
ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলা এবং লেবাননের ওপর ইসরায়েলি হামলাও অব্যাহত রয়েছে। অঞ্চলজুড়ে ইরানের পক্ষ থেকে হামলার খবরও পাওয়া যাচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে দুজন নিহত হয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং কুয়েত জানিয়েছিল, তাদের নিজ নিজ দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন প্রতিহত করেছে।

সংযুক্ত আরব আমিরাত এই হামলার জন্য ইরানকে দায়ী করেছে। সৌদি আরব এবং কুয়েত জানায়নি ড্রোনগুলো কোথা থেকে এসেছিল।
বৃহস্পতিবার ভোরে বাহরাইন বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করার আলোচনা চলছে, অন্যদিকে ইরানিরা জোর দিয়ে বলছে, কোনো আলোচনা হচ্ছে না।
এই অঞ্চলজুড়ে হামলা চলতে থাকায়, আলোচনা না হওয়ার বিষয়টি আরো স্পষ্ট হয়েছে। ইসরায়েল বৃহস্পতিবার ভোরে ঘোষণা করেছে, তারা ইরানের ইসফাহান শহর এবং আরো বেশ কয়েকটি এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড গত রাতে জানিয়েছে, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।
এদিকে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) বুধবার গভীর রাতে জানিয়েছে, দক্ষিণ লেবাননের হারুফে ইসরায়েলি হামলায় দুজন নিহত এবং আরো আটজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিকটবর্তী শহর আরবসালিম-এ হামলায় আরো আটজন আহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের চলমান অভিযানে একজন সেনা নিহত হয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, গোলানি ব্রিগেডের ২১ বছর বয়সী সেনা ওরি গ্রিনবার্গ নিহত হয়েছেন। ইসরায়েলের কাফর কাসিম শহরে হামলার পর ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী আরো জানিয়েছে, তারা লেবাননে তাদের স্থল অভিযান আরো জোরদার করবে।
লেবাননের সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং দক্ষিণ লেবাননের কিছু অংশ থেকে তাদের বিতাড়িত করার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র দাবি করেছেন, তারা এ পর্যন্ত হিজবুল্লাহর দুই হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং প্রায় ৭০০ যোদ্ধাকে হত্যা করেছে, যাদের মধ্যে শত শত সদস্য অভিজাত রাদওয়ান ফোর্সের সদস্য।
এদিক ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে আরো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া আরো ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। গত চার ঘণ্টায় এই নিয়ে ষষ্ঠবারের মতো তারা হামলার খবর দিল। এর আগে ইসরায়েলের জরুরি পরিষেবা জানিয়েছিল, দেশের মধ্যাঞ্চলের দিকে একটি ক্ষেপণাস্ত্র আঘাত করার পর ছয়জনকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সূত্র : আলজাজিরা।










