সদ্য প্রকাশিত
রাজনীতি

আমরা যেন শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে পারি

নিউজ ডেস্ক১ জুন ২০২৫২ মিনিট পড়া
আমরা যেন শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে পারি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু ব্যক্তি নন, তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক।’ গত শুক্রবার পূর্ব লন্ডনের একটি হলে বাদ মাগরিব বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আয়োজিত খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘সন্তান হিসেবে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া চাই। তবে শুধু জিয়াউর রহমানই নয়, দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের জন্যও দোয়া চাই।

তিনি বলেন, ‘আমরা যাতে সব শহীদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি সে জন্য সবাই দোয়া করবেন।’
তারেক রহমান বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক একইভাবে পরবর্তী বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের গতিকে প্রতিরোধ করা হয়েছিল। দেশে গণতন্ত্র, মানুষের অধিকার, রাজনৈতিক অধিকার ও কথা বলার অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে বিএনপি ও এর বাইরের বহু রাজনৈতিক দলের নেতাকর্মী এমনকি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ হয়েছেন। হাজারো মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকে পঙ্গুত্ববরণ করেছেন।’

তিনি আরো বলেন, ‘খুব বেশিদিন আগের কথা নয়, মাত্র এক বছরেরও কম সময় আগে, গত জুলাই-আগস্টে পলাতক স্বৈরশাসক ক্ষমতা ধরে রাখার জন্য যে দমন-পীড়ন চালিয়েছে, তা নজিরবিহীন। বহু মানুষ প্রাণ হারিয়েছেন, অসংখ্য মানুষ আহত ও পঙ্গু হয়েছেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই সময়ে ৬৩ শিশুকে হত্যা করা হয়েছে। আমরা এসব মানুষের জন্য দোয়া করব।’

তারেক রহমান অনুরোধ করে বলেন, ‘আগামী দিনে যাতে আমরা যে মানুষগুলো আমাদের ছেড়ে চলে গেছেন তাঁদের প্রত্যাশা অনুযায়ী দেশকে গড়ে তুলতে পারি সে জন্য দোয়া করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান হিসেবে সবার প্রতি আমার এই অনুরোধ।’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ। এ ছাড়াও দোয়া মাহফিলে বিএনপির নেতাকর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমান, ৫ আগস্টের শহীদ এবং গণতন্ত্রের জন্য জীবনদানকারী সব শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।