আত্রাই প্রতিনিধি :
নওগাঁর আত্রাই উপজেলা থেকে মাছ ধরার অবৈধ সূতিজাল জব্দ করে তাতে অগ্নি সংযোগ করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে অবৈধ সূতিজাল দিয়ে মাছ শিকারের দায়ে দুই ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। রবিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মোখলেছুর রহমান এ রায় প্রদান করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার শুকটিগাছা স্লুইচ গেটে প্রতি বছর একটি মহল অবৈধ সূতিজাল দিয়ে মৎস্য নিধন করে থাকে। বিভিন্ন সময় সেখানে অভিযান চালালেও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় তারা বেপরোয়া ভাবে সূতিজাল ব্যবহার করতেই থাকে।

বর্তমানে আত্রাইয়ে বন্যা পরিস্থিতির চরম অবনতির মধ্যেও তারা এ সূতিজাল দিয়ে মাছ ধরা শুরু করে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মোখলেছুর রহমান পুলিশ সাথে নিয়ে অভিযান চালিয়ে শুকটিগাছা স্লুইচগেট থেকে অবৈধ সূতিজাল উদ্ধার করেন।
এ সময় তিনি ওই জাল দিয়ে মাছ শিকারী উপজেলার দীঘা উত্তরপাড়া গ্রামের আলতাফ হোসেন (৫০) ও মজিবর রহমানকে (৫২) ঘটনাস্থলে থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেছেন।
স/বি










