নাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা গণকবরগুলো বর্তমান প্রজন্মের কাছে ৭১ এর স্মৃতি নিয়ে আজও মাথা উচু করে দাঁড়িয়ে আছে। উপজেলার বান্দাইখাড়া, সিংসাড়া, পুরাতন রেলওয়ে স্টেশন, বাউল্লাপাড়া, পাইকড়া, গোয়ালবাড়ি, তারাটিয়া ও মিরাপুর নামক স্থানে ১৯৭১ সালে পাকিস্থানি হানাদার বাহিনী হত্যা করেছিল নিরপরাধ কৃষক-শ্রমিক ও চাকরিজীবিদের। আর তাদেরকে হত্যা করার পর গণকবর দেওয়া হয়েছিল ওই স্থানগুলোতে। পরে এসব স্থানে তৈরি করা হয়েছে ওই গণহত্যার শিকার যারা তাদের নামের তালিকাসহ স্মুতি ফলক।
এসব গণকবর বর্তমান প্রজন্মকে ১৯৭১ সালের ভয়াল দিনগুলির কথা স্মরণ করিয়ে দেয়। এতে করে মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ পাচ্ছে এলাকার শিক্ষক-শিক্ষার্থী ও খেটে খাওয়া মানুষসহ সর্বস্তরের জনগণের মনে। নতুন প্রজন্মকে করছে দেশ গড়ার কাজে দৃঢ় প্রত্যয়ী।
তবে এলাকার মানুষ বলছে এসব গণকবরের জমি এখনো অরক্ষিত। উপজেলার সচেতন মহল মনেকরছেন মুক্তিযুদ্ধের এই অমূল্য স্মৃতিগুলো সরকারি উদ্যোগে সুরক্ষা না পেলে দিন দিন হারিয়ে যাবে। দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শত শত নিরীহ নিরপরাধ মানুষকে ধরে এনে এসব স্থানে নির্মমভাবে হত্যা করা হয়। পাকিস্তান বাহিনী এবং তাদের স্থানীয় দালালদের সেই বর্বও হত্যাকাণ্ড থেকে বাদ যায়নি এলাকার স্বাধীনতা সংগ্রামীরাও।

এ বিষয়ে আত্রাই উপজেলার ১নং শাহাগোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আতাউর রহমান বলেন, বধ্যভ’মিগুলোতে গেলে কল্পনায় যেন ১৯৭১ সালে ফিরে যাই। ইতিহাস থেকে যা জেনেছি সেই ভয়াল দিনগুলোর কথা স্মরণ হলেই মনটা বিষিয়ে ওঠে। পাশাপাশি অনুপ্রেরণা পাই এই ভেবে যে, ১৯৭১ সালে ৩০ লাখ শহীদেও রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে সে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
এ ব্যাপারে আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় কলেজের সমাজ কর্ম বিভাগের সহকারী অধ্যাপক মোঃ লোকমান হোসেন সিল্কসিটি নিউজকে জানান, বধ্যভ’মিগুলো একদিকে যেমন ১৯৭১ সালের স্মৃতিকে নতুন প্রজন্মের মানুষের কাছে তুলে ধরেছে। তেমনি তাদের আহবান করেছে সেই স্মৃতিকে বুকে ধারণ করে দেশকে সঠিক নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিতে।
আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা অফিস সূত্রে জানা যায়, বান্দাইখাড়া বধ্যভ’মিতে প্রায় ৫৮ জনকে গণকবর দেওয়া হয় এবং সেখানে ৩৯ শতক, সিংসাড়াতে প্রায় ২৯ জনকে গণকবর দেওয়া হয় এবং সেখানে ৭ শতক, পুরাতন রেলওয়ে স্টেশনে অনেক শহীদকে গণকবর দেওয়া হয় এবং সেখানে ৫০ শতক, বাউল্ল্যাপাড়া প্রায় ১৩ জনকে গণকবর দেওয়া হয় এবং সেখানে ২৭ শতক, পাইকাড়ায় প্রায় ১৩ জনকে গণকবর দেওয়া হয় এবং সেখানে ২৮ শতক, গোয়ালবাড়িতে ৭ জনকে গণকবর দেওয়া হয় এবং সেখানে ৩ শতক। এছাড়া মিরাপুরে প্রায় ৩০জনকে গণকবর দেওয়া হয় এবং সেখানে প্রায় ২৫শতক ভিটা রয়েছে।
আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আখতারুজ্জামান সিল্কসিটি নিউজকে বলেন, গণকবরের জমিগুলো অরক্ষিত অবস্থায় রয়েছে। এগুলোর রক্ষণাবেক্ষণ করা আশু প্রয়োজন। কেননা এসব স্মৃতি নষ্ট হলে নতুন প্রজন্মেও কাছে সঠিক ইতিহাস অজানা রয়ে যাবে।
স/শ










