সাপাহার প্রতিনিধি:
আজ লক্ষী পূজা কোজাগরী পূর্ণিমায় লক্ষীর আরাধনায় সেজে উঠেছে বাঙালী হিন্দুদের গৃহকোণ। মঙ্গলঘট ধানের ছড়ায় সঙ্গে গৃহস্থের অঙিনায় আজ শোভা পাচ্ছে চালের গুঁড়ো আল্পনায় ছাপ।
লক্ষী মানে শ্রী,সুরুচি। লক্ষী সম্পদ আর সৌন্দর্যের দেবী। বৈদিক যুগে মহাশক্তি হিসেবে তাকে পূজা করা হতো। তবে পরবর্তীকালে ধনশক্তির মূর্তি নারায়নের সঙ্গে তাকে জুড়ে দেওয়া হয়। শারদীয় দূর্গোৎসব শেষে প্রথম পূণিমা তিথিতে সনাতন ধর্মালম্বীরা এ পূজা করে থাকেন।
এ উপলক্ষে সারাদেশের ন্যায় নওগাঁর সাপাহারেও হিন্দু রমণীরা উপবাসব্রত পালন করেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিটি ঘরে ঘরে এবং ধানের জমিতে প্রজ্বলন করা হবে সন্ধ্যা প্রদীপ।

হিন্দুশাস্ত্র মতে, কোজাগরী পূর্ণিমা রাতে দেবী লক্ষী ধনধান্যে ভরিয়ে দিতে ভক্তগৃহে পূজা নিতে আসেন। প্রাচীনকাল থেকেই হিন্দু রাজা-মহারাজা,ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ গৃহস্থ অব্দি সবাই লক্ষীদেবীকে পূজা দিয়ে আসছেন। বাঙালী হিন্দু বিশ্বাসে লক্ষীদেবী দ্বিভুজা, আর তার বাহন হচ্ছে পেঁচা।
পঞ্জিকা অনুযায়ী আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে পূজা দেওয়ার নির্ঘন্ট রয়েছে। এবারে সাহাপাড়া,পালপাড়া,মানিকুড়া ও বাজার বারোয়ারী মন্দির সহ প্রায় বাড়িতেই লক্ষীপূজা অনুষ্ঠিত হচ্ছে।
স/শ










