সদ্য প্রকাশিত
খেলা

৮ বছর পর দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মধুর প্রতিশোধ অস্ট্রেলিয়ার

নিউজ ডেস্ক১৩ অক্টোবর ২০২৬৩ মিনিট পড়া
৮ বছর পর দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মধুর প্রতিশোধ অস্ট্রেলিয়ার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জশ হ্যাজলউডের বিধ্বংসী বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে বিশাল জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ৪২১ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের শেষ দিনে দক্ষিণ আফ্রিকা ২০৬ রানে অলআউট হয়ে যায়।

এতে ২১৪ রানের বড় ব্যবধানে জিতে ১-০ তে সিরিজ এগিয়ে গেল সফরকারীরা।
ক্রিইকইনফোর তথ্য অনুযায়ী, জয়ের জন্য ৪২১ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের শেষ দিনে মাত্র ২০৬ রানেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মার্করাম ২৩৭ বল খেলে ৭৫ রানের একটি লড়াকু ইনিংস খেলেন। দলের বাকিরা আর কেউই তেমন উল্লেখযোগ্য কিছু করতে পারেননি।

 

দ্বিতীয় নতুন বল হাতে অস্ট্রেলিয়ার পেসাররা আরো বিধ্বংসী হয়ে উঠে, তখনই তাসের ঘরের মতো ভেঙে পড়ে প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ। অজি পেসার জশ হ্যাজলউড মাত্র ১৬.৫ ওভার বল করে ৪৯ রান দিয়ে নেন ৬টি উইকেট, যা তাঁর টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স।

২০১৮ সালের স্যান্ডপেপার কেলেঙ্কারির পর দক্ষিণ আফ্রিকার মাটিতে এটিই ছিল অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ। তাই এই জয়টি ছিল অজিদের জন্য এক মধুর প্রতিশোধ।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে কঠিন বিপদে পড়েছিল প্যাট কামিন্সের দল। কিন্তু পাঁচ নম্বরে নামা ম্যাট রেনশ দুর্দান্ত ব্যাটিং করে দলকে উদ্ধার করেন তিনি। তাঁর সেই প্রতিরোধের পর পুরো ম্যাচেই একক আধিপত্য বিস্তার করে খেলে অস্ট্রেলিয়া।
টেস্টের পঞ্চম এবং শেষ দিনের প্রথম ১১০ মিনিট ৪২১ রানের লক্ষ্যে প্রতিরোধ গড়েছিল প্রোটিয়ারা। আগের দিন ৪ উইকেটে ১০২ রান নিয়ে খেলা শেষ করা এইডেন মার্করাম ও ভিয়ান মুল্ডার।

তাদের পঞ্চম উইকেটে জুটি ২০৫ বলে ৬৯ রানের একটি ধৈর্যশীল ইনিংস খেলেন। শেষ পর্যন্ত হ্যাজলউডের ডেলিভারিতে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির দুর্দান্ত ক্যাচে পরিণত হন মুল্ডার। তার ব্যাট থেকে আসে ২৯ রান।
এরপর দ্রুতই আরেকটি উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার খণ্ডকালীন স্পিনার ম্যাট রেনশ টেস্টে নিজের দ্বিতীয় উইকেটটি পান। বেপরোয়া শট খেলতে গিয়ে শূন্য রানে স্লিপে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দেন কাইল ভেরেইনে।

লাঞ্চ বিরতিতে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৬ উইকেটে ১৬৬। নতুন বল নেওয়ার আগে আরও ২৫ রান যোগ করেছিল তারা। কিন্তু নতুন বল হাতে নিয়েই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় অস্ট্রেলিয়া।

হ্যাজলউডের বলে বোল্ড হন মার্কো ইয়ানসেন, করেন ৩৫ রান। তিন বল পরই গ্লাভসে বল ছুঁইয়ে ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফেরেন সিমোন হারমার।

এরপর ২৩৭ বলে ৭৫ রানের লড়াকু ইনিংস খেলে বিদায় নেন মার্করামও। মিচেল স্টার্কের বল প্যাডে লেগে ব্যাটের কানা ছুঁয়ে উইকেটরক্ষকের হাতে যায়। শুরুতে তাকে আউট দেওয়া হয়নি; পরে টিভি রিপ্লেতে সিদ্ধান্ত বদলায়।

শেষ পর্যন্ত হ্যাজলউডই অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন। তার বলে শর্ট মিডউইকেটে ক্যাচ তুলে দেন লেজের দিকের ব্যাটার আইনরিখ নরকিয়া। ক্যাচটি নেন নাথান লায়ন।