ছবিঘর

৪০ বসন্তে শ্রুতি হাসান, কত টাকার মালিক অভিনেত্রী?

নিউজ ডেস্ক২৮ জানুয়ারি ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান আজ নিজের ৪০তম জন্মদিন উদযাপন করছেন। কিংবদন্তি অভিনেতা কমল হাসানের মেয়ে হলেও, বাবার পরিচয়ের ছায়ায় আটকে না থেকে তিনি বিনোদন জগতে গড়ে তুলেছেন নিজস্ব অবস্থান। বলিউডে খুব বেশি সফল সিনেমা না থাকলেও দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে তিনি একজন গুরুত্বপূর্ণ ও প্রতিষ্ঠিত অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি সংগীতেও রয়েছে তাঁর আলাদা পরিচিতি।

শ্রুতি হাসান শুধু অভিনেত্রী নন, একজন সুগায়িকাও। তাঁর দরাজ কণ্ঠের ভক্ত-অনুরাগীর সংখ্যাও কম নয়। বয়স মাত্র ৪০ হলেও ইতিমধ্যেই বিপুল সম্পত্তির মালিক তিনি। 

বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, বর্তমানে শ্রুতি হাসানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৫ কোটি রুপি।

 

২০০০ সালে কমল হাসান পরিচালিত ‘হে রাম’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে ক্যামেরার সামনে যাত্রা শুরু শ্রুতির। পরে ২০০৯ সালে ‘লাক’ সিনেমার মাধ্যমে বলিউডে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। সেই ছবিতে গানও গেয়েছিলেন শ্রুতি নিজেই। এরপর ‘দিল তো বাচ্চা হ্যায় জি’, ‘ডি-ডে’, ‘গব্বর ইজ ব্যাক’-এর মতো একাধিক হিন্দি সিনেমায় অভিনয় করেন।

তবে প্রকৃত সাফল্য আসে দক্ষিণী সিনেমায়। তামিল, তেলুগু ও কন্নড় ভাষার বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করে নিজেকে প্রথম সারির অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন শ্রুতি হাসান। জানা যায়, একটি সিনেমায় অভিনয়ের জন্য তিনি প্রায় ৬ কোটি রুপি পারিশ্রমিক নেন।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন নামী ব্র্যান্ডের প্রচারেও যুক্ত তিনি। একটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করতে প্রায় ৫ লাখ রুপি পারিশ্রমিক নেন শ্রুতি।

সব মিলিয়ে মাসিক আয় প্রায় ৫০ লাখ রুপি, অর্থাৎ বছরে প্রায় ৬ কোটি। এছাড়া মঞ্চে গান গেয়ে একেকটি অনুষ্ঠানের জন্য তিনি নেন প্রায় ১ কোটি রুপি। 

সম্পত্তির দিক থেকেও কম যান না এই তারকা। মুম্বাইয়ে রয়েছে তাঁর একটি বিলাসবহুল বাড়ি, যার অন্দরসজ্জায় বিপুল অর্থ ব্যয় করেছেন তিনি। এ ছাড়া দেশের বিভিন্ন জায়গায় রয়েছে তাঁর আরও বাসস্থান। গাড়ির সম্ভারেও নজর কাড়েন শ্রুতি হাসান—রেঞ্জ রোভার, অডি ও টয়োটাসহ একাধিক দামি গাড়ি রয়েছে তাঁর সংগ্রহে।

সব মিলিয়ে অভিনয়, গান আর ব্র্যান্ড এনডোর্সমেন্ট—তিন ক্ষেত্রেই সাফল্যের সঙ্গে নিজের জায়গা পাকা করে নিয়েছেন শ্রুতি হাসান। ৪০-এ পা দিয়েও তাঁর ক্যারিয়ার যে এখনও ঊর্ধ্বমুখী, তা বলাই বাহুল্য।