চাঁপাইনবাবগঞ্জ

১০০ গ্রাম হেরোইনের মামলায় যাবজ্জীবন সাজা

নিউজ ডেস্ক২০ আগস্ট ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় দেলোয়ার হোসেন ওরফে মিলন (৩৩) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির অনুপস্থিতিতে এই আদেশ দেন। দণ্ডিত মিলন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হাটবাকইল গ্রামের মো. আলাউদ্দীনের ছেলে।

মামলার বিবরণ, আদালত সূত্র এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ সূত্রে জানা যায়, ২০২৩ সালের পহেলা সেপ্টেম্বর নাচোলের নেজামপুর ইউনিয়নের দক্ষিণ সগিনা মালিকান্দর গ্রামে সড়কের ওপর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক হন মিলন। এ ঘটনায় ওইদিনই তাকে একমাত্র আসামি করে নাচোল থানায় মামলা করেন ডিবির তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার মণ্ডল।

২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং ডিবির তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র চৌধুরী মিলনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ১০ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানির পর আদালত দেলোয়ার হোসেন ওরফে মিলনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আনোয়ার সাদাত (অতনু বিশ্বাস)।