সিল্কসিটিনিউজ ডেস্ক :
খাবার নষ্ট করা উচিত নয় ভেবে অনেকেই পেট ভরে যাওয়ার পরেও প্লেটের সব খাবার শেষ করেন। এতে খাবার অপচয় না হলেও শরীরে অতিরিক্ত ক্যালরি জমে ওজন বৃদ্ধি থেকে শুরু করে বদহজম পর্যন্ত নানা সমস্যা দেখা যায়। আবার অনেকেই সামনে খাবার থাকলে পেট ভরে গেলেও খাওয়া থামাতে পারেন না। এই অভ্যাসই আসলে স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বিশেষজ্ঞরা বলছেন, খাবার থামানোর সঠিক সময় বুঝতে পারলেই এই সমস্যার সমাধান সম্ভব। এর কার্যকর উদাহরণ দেখা যায় জাপানের এক বিশেষ খাদ্যাভ্যাসে, যার নাম ‘হারা হাচি বু’।
এই নিয়মে খাবার খাওয়ার পরিমাণ হঠাৎ কমিয়ে দেওয়ার কথা বলা হয়নি। ক্যালরি মেপে খাওয়ারও প্রয়োজন নেই।

বরং জোর দেওয়া হয়েছে নিজের দেহের প্রতি মনোযোগী হওয়ার ওপর। খাওয়ার সময় আনন্দ নিন, তবে মানতে হবে একটি ছোট্ট নিয়ম। পেট ভরে যাওয়ার আগেই খাওয়া থামিয়ে দিতে হবে।
‘হারা হাচি বু’ নিয়ম কিভাবে কাজ করে?
এই জাপানি খাদ্যাভ্যাসে বলা হয়, পেট যখন প্রায় ৮০ শতাংশ ভরে যায়, তখনই খাওয়া বন্ধ করতে হবে।
খাওয়ার মাঝপথে একবার থেমে নিজেকে প্রশ্ন করুন, পেট ভরে গেছে নাকি শুধু খাবার সামনে আছে বলে খেয়ে যাচ্ছেন? যদি মনে হয় পেট ৮০ শতাংশ ভরে গিয়েছে, তখনই থেমে যান। এ ছাড়া খাওয়ার গতি কমিয়ে আনতে হবে। ধীরে ধীরে খেতে হবে। এতে শরীর থেকে লেপটিন হরমোন নিঃসরণের জন্য যথেষ্ট সময় পাওয়া যায়। এই হরমোনই মস্তিষ্কে সংকেত পাঠায় যে পেট ভরে গেছে।
ফলে অতিরিক্ত খাওয়া রোধ হয় এবং দীর্ঘমেয়াদে ওজন কমাতেও সাহায্য করে। জাপানিরা শতাব্দীর পর শতাব্দী ধরে এই অভ্যাস মেনে চলছেন। তাদের অভিজ্ঞতায় দেখা গেছে, নিয়মটি শুধু ওজন নিয়ন্ত্রণেই নয়, সামগ্রিক সুস্থ জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।









