সিল্কসিটিনিউজ ডেস্ক:
বয়সের সঙ্গে সঙ্গে সবারই চুলে পাক ধরে। অনেকে আবার কৃত্রিম রঙের সাহায্যে পাকা চুল ঢেকে ফেলেন। যা মোটেও কঠিন কাজ নয়। তবে বয়স বাড়লে হাড়ের ক্ষয় প্রতিরোধ করতে গেলে রোদে ঘোরাঘুরি আর ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার খাওয়া ছাড়া উপায় নেই।
চুলে রং লাগানোর মতো চটজলদি সমাধান এক্ষেত্রে সম্ভব নয়। হাড়ের প্রধান উপাদান ক্যালসিয়াম। এ ছাড়া থাকে নানা ধরনের খনিজ। ঋতুবন্ধের পর নারীদের রজোনিবৃত্তির পরবর্তী সময়ে অস্টিয়োপোরোসিসের ঝুঁকি বেশি থাকে।

তবে এ কথাও ঠিক যে, বেশি বয়সে হাড়ের ক্যালসিয়াম কমে গিয়ে হাড়ে ঘুণ ধরার মতো সমস্যা নারী-পুরুষ নির্বিশেষে সবারই হতে পারে। চল্লিশের পরে তাই হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে চাই বাড়তি সতর্কতা।
চল্লিশের পর হাড়জনিত সমস্যা এড়াতে অনেকেই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেতে শুরু করেন। তবে চিকিৎসকদের মতে, হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে শুধু ক্যালসিয়াম যথেষ্ট নয়।
চিকিৎসকদের মতে, ‘শুধু ক্যালসিয়ামের ওপর ভরসা করলে কিন্তু অস্টিয়োপোরোসিসের ঝুঁকি কমানো সম্ভব হয় না। শরীরে অন্যান্য খনিজের ভারসাম্য ঠিক থাকলে তবেই ক্যালসিয়ামের শোষণ ভালো হবে।
আগে বলা হতো, হাড়ের যত্নের জন্য ক্যালসিয়ামই যথেষ্ট। তবে সম্প্রতি একাধিক গবেষণায় বলা হয়েছে, শুধু ক্যালসিয়াম যথেষ্ট নয়, তা ছাড়া শরীরে ক্যালসিয়ামের মাত্রা বেশি হয়ে গেলেও মুশকিল।
ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে আ কী প্রয়োজন
চিকিৎসকের মতে, শরীরে ক্যালসিয়াম শোষণের জন্য ভিটামিন ডি-এর প্রয়োজন আছে।
এ ছাড়া ভিটামিন কে টু-এর সাহায্যেও হাড়ে ক্যালসিয়ামের শোষণ প্রক্রিয়া ত্বরান্বিত হয়। হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে ম্যাগনেসিয়ামের ভূমিকা আছে।
হাড় মজবুত করতে কেবল সাপ্লিমেন্ট খেলেই চলবে না। বিশেষজ্ঞদের মতে, হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে হলে ওজন নিয়ন্ত্রণে রাখাও জরুরি। তাই শরীরচর্চা করতেই হবে। এ ছাড়া ধূমপান ও মদ্যপান বন্ধ করা ভীষণ জরুরি।
সূত্র : আনন্দবাজার ডট কম









