ধর্ম

স্বজনদের বিরূপ আচরণেও সম্পর্ক অটুট রাখাই নবীজির শিক্ষা

নিউজ ডেস্ক৪ আগস্ট ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসলাম আত্মীয়-স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো রাখার গুরুত্ব এতটা বেশি প্রদান করেছে যে, আত্মীয়রা যদি সম্পর্ক ছিন্ন করে, অপকার করে, তবুও তাদের সঙ্গে সদাচরণ করা উচিত বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছে। নিচের হাদিসটি দেখুন-

عَنْ أَبِي، هُرَيْرَةَ أَنَّ رَجُلاً، قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي قَرَابَةً أَصِلُهُمْ وَيَقْطَعُونِي وَأُحْسِنُ إِلَيْهِمْ وَيُسِيئُونَ إِلَىَّ وَأَحْلُمُ عَنْهُمْ وَيَجْهَلُونَ عَلَىَّ ‏.‏ فَقَالَ ‏ “‏ لَئِنْ كُنْتَ كَمَا قُلْتَ فَكَأَنَّمَا تُسِفُّهُمُ الْمَلَّ وَلاَ يَزَالُ مَعَكَ مِنَ اللَّهِ ظَهِيرٌ عَلَيْهِمْ مَا دُمْتَ عَلَى ذَلِكَ ‏”‏ ‏.‏

আবু হুরাইরাহ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমার আত্মীয়-স্বজন আছেন। আমি তাদের সঙ্গে সদাচরণ করি; কিন্তু তারা আমাকে বিচ্ছিন্ন করে রাখে।

আমি তাদের উপকার করে থাকি; কিন্তু তারা আমার অপকার করে। আমি তাদের সহনশীলতা প্রদর্শন করে থাকি আর তারা আমার সঙ্গে মুর্খসুলভ আচরণ করে। তখন তিনি বললেন, তুমি যা বললে, যদি প্রকৃত অবস্থা তাই হয় তাহলে তুমি যেন তাদের ওপর জলন্ত অঙ্গার নিক্ষেপ করছ। আর সর্বদা তোমার সঙ্গে আল্লাহর তরফ থেকে তাদের বিপক্ষে একজন সাহায্যকারী (ফেরেশতা) থাকবে, যতক্ষণ তুমি এ অবস্থায় বহাল থাকবে।
-(সহিহ মুসলিম, হাদিস: ২৫৫৮)

সংক্ষিপ্ত ব্যাখ্যা

ইসলাম একটি সম্পর্কনির্ভর ধর্ম। আত্মীয়তার বন্ধন রক্ষা করা ইসলামের একটি মৌলিক শিক্ষা। অথচ বাস্তব জীবনে আমরা অনেকেই এমন পরিস্থিতির মুখোমুখি হই, যেখানে আত্মীয়-স্বজনদের পক্ষ থেকেই আসে অবহেলা, কষ্ট ও বিরূপ আচরণ। কিন্তু তার পরও অটুট রাখতে হবে আত্মীয়তার বন্ধন।

তাদের মন্দ স্বভাবের বিপরীতে সবর করতে হবে। তাহলে দুনিয়াতে যেমন প্রতিপক্ষ নিজ বিবেকের কষাঘাতে ক্ষতবিক্ষত হবে তেমনি পরকালে মিলবে উত্তম পুরষ্কার। 

এ হাদিস আমাদের শেখায়, আত্মীয়ের অন্যায় আচরণের জবাবে একই রকম ব্যবহার নয়, বরং ধৈর্য ও সদাচরণই মুমিনের পথ। এই ধৈর্য শুধু নৈতিক গুণ নয়, বরং এটি আখিরাতের বড় পুরস্কার ও আল্লাহর সাহায্য পাওয়ার মাধ্যম।

আজকের সমাজে, যেখানে সম্পর্কগুলো ক্রমেই ভেঙে পড়ছে, সেখানে এই হাদিস আমাদেরকে স্মরণ করায় যে, উত্তম আচরণই আত্মীয়তার আসল রক্ষাকবচ।