সিল্কসিটিনিউজ ডেস্ক:
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল এলাকার কাছে র্যাব- ৬ এর সঙ্গে বনদস্যু সাগর বাহিনীর বন্দুকযুদ্ধ হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) রাত ১০ সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। র্যাব- ৬ এর এএসপি মিজানুর রহমান বাংলানিউজকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, করমজল অফিস থেকেও কয়েক রাউন্ড গুলির আওয়াজ শোনা গেছে। পরে জানতে পারেন র্যাব ও বনদস্যুদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।
এর পর র্যাব-৬ এর একটি দল করমজল কেন্দ্রের ভেতরে গুলিবর্ষণের এলাকায় তল্লাশি করে কয়েকটি গুলির খোসা উদ্ধার করে। তবে সেখান থেকে কোনো দস্যুকে আটক বা মরদেহ উদ্ধার হয়নি। পরে রাত ১২টার দিকে র্যাব সদস্যরা করমজল থেকে বেরিয়ে যান।
অভিজানে অংশ নেওয়া র্যাব -৬ এর মেজর সুরুজের বরাত দিয়ে ওই বন কর্মকর্তা আরও বলেন, সুন্দরবনে টহল দেওয়ার সময় বনের ভেতর একটি আলো দেখতে পায় র্যাব । এ সময় ওই আলোর দিকে এগুতে থাকলে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে দস্যুরা। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়।
এএসপি মিজানুর রহমান বলেন, সুন্দরবনে তাদের নিয়মিত টহলের সময় গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। অভিযান চলছে, অভিযান শেষে বিস্তারিত জানা যাবে।
সূত্র: বাংলা নিউজ









