নিজস্ব প্রতিবেদক:
সীমান্ত হত্যা, গবাদিপশুর প্রবেশ রোধ করা ও মাদকদ্রব্য পাচার বিষয়ে বিজিবি-বিএসএফ এর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ব্যাটালিয়নের অধীনস্থ বকচর পোষ্টের সীমান্ত পিলার ৩৪/১ এস এর কাছে ৭৫ গজ ভারতের ভিতরেরে প্রতিপক্ষ আটরশিয়া বিএসএফ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় পতাকা বৈঠক হয়। বিজিবি ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সাথে ৪ ব্যাটালিয়ন বিএসএফ এর ব্যাটালিয়ন কমান্ডারের সাথে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।


অবৈধভাবে গবাদিপশুর প্রবেশ রোধ করা, সীমান্ত হত্যা-নির্যাতন বন্ধ করা ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ করা ছিল এ পতাকা বৈঠকে মূল আলোচনার বিষয়।
এছাড়াও সীমান্ত সংক্রান্ত দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট সীমান্তে গুলি বর্ষণ না করা, চোরাচালান, অবৈধ অস্ত্র-গোলাবারুদ বিস্ফোরক পাচার প্রতিরোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ, অবৈধ সীমান্ত পারাপার বন্ধ, নিচ্ছিদ্র সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা, সমন্বিত টহল ইত্যাদি সম্পর্কে সৌহার্দপুর্ণ পরিবেশে ফলপ্রসু আলোচনা করা হয়।
পতাকা বৈঠকে ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ১১ সদস্যের বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল সোহেল উদ্দিন পাঠান পিএসপি এবং বিএসএফ এর ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪ ব্যাটালিয়ন বিএসএফ এর ভারপ্রাপ্ত কমান্ডান্ট শ্রী স্বরণ দেব।
সীমান্তে বিরাজমান শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার ব্যাপারেও উভয় পক্ষ সম্মত হন। যে কোন সমস্যা যে কোন সময় পতাকা বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানে একমত হন দুই পক্ষই। বেলা সাড়ে ১২ টায় এ পতাকা বৈঠক শেষ হয়।
স/অ










