সিল্কসিটিনিউজ ডেস্ক :
সিরিয়ায় সরকারবিরোধী বিদ্রোহীরা রাশিয়ার একটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করেছে। রাশিয়ার সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে অনলাইনের ব্রেকিং নিউজে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
হেলিকপ্টারটিতে তিনিজন ক্রু এবং দুজন সামরিক কর্মকর্তা ছিলেন। তাদের ভাগ্যে কী হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সমর্থিত সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কমপক্ষে চারজন নিহত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আলেপ্পোয় যুদ্ধকবলিত লোকজনের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে ত্রাণ সরবরাহের কাজে নিয়োজিত একটি এমআই-৮ হেলিকপ্টার মাটি থেকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। রাশিয়ান টাইমস অনলাইন এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ত্রাণ সরবরাহ শেষে সিরিয়ার খেমেইমিমে রুশ ঘাঁটিতে ফেরার পথে ইদলিব প্রদেশে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়।
এ বছর সিরিয়ায় এটি নিয়ে রাশিয়ার তিনটি হেলিকপ্টার ভূপাতিত হলো। জুলাই মাসে হামলায় ব্যবহৃত একটি এমআই-২৫ হেলিকপ্টার পালমিরায় ভূপাতিত হয়ে বিধ্বস্ত হয়। এতে রাশিয়ার দুজন পাইলট নিহত হন।
সিরিয়া সরকারের সমর্থনে দেশটিতে বিমান হামলায় নিয়োজিত আছে রাশিয়া। রুশ কর্তৃপক্ষের দাবি, তারা সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। তবে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধী গোষ্ঠীগুলো ও তাদের সমর্থক যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা দাবি করে আসছে, বিদ্রোহীদের ওপরও হামলা চালাচ্ছে রাশিয়া।
পাঁচ বছর ধরে চলমান সিরিয়া গৃহযুদ্ধে ৪ লাখ লোক নিহত হয়েছে বলে কয়েক মাস আগে ব্যক্তিগত তথ্যের ওপর ভর করে দাবি করেন সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত। এ গৃহযুদ্ধে উদ্বাস্তু হয়েছে কয়েক লাখ মানুষ।
সূত্র: রাইজিংবিডি









