নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে সার বিক্রয়মূল্য নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীল রাখার দাবি জানানো হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০১৫) রাজশাহী জেলা স্টেডিয়াম মার্কেটে সংস্থাটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বর্তমান বাজারে সার ব্যবসায়ীরা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন।

সংগঠনের নেতারা অভিযোগ করেন, সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে সার কিনতে হচ্ছে ডিলারদের। ফলে নির্ধারিত দামে সার বিক্রি করা সম্ভব হচ্ছে না। একই সঙ্গে পরিবহন ব্যয় বৃদ্ধি, ভ্যাট-ট্যাক্স আরোপ এবং বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন।
এ সময় বক্তারা আরও জানান, দেশের কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে হলে দ্রুত সার বিক্রয়মূল্য পুনঃনির্ধারণ করতে হবে। এছাড়া ব্যবসায়ীদের প্রাপ্য কমিশন বৃদ্ধি, ভ্যাট ও অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবিও জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।









