অর্থ ও বাণিজ্য

সাভার চামড়া শিল্পনগরী : আন্তর্জাতিক নিরীক্ষা সম্পন্নে প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার

নিউজ ডেস্ক১৫ ফেব্রুয়ারি ২০১৯৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

বিশ্বমানের চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদনের লক্ষ্যে একটি আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে চামড়া শিল্পনগরীর সার্বিক মান ও অবস্থা মূল্যায়ন কার্যক্রমে সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। গতকাল সাভার চামড়া শিল্পনগরী পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এ আশ্বাস দেন।

সালমান এফ রহমান ছাড়াও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গতকাল সাভার চামড়া শিল্পনগরী প্রকল্প ও সেখানে স্থাপিত কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রকল্পসংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। শিল্পমন্ত্রী, শিল্প প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা, শিল্প মন্ত্রণালয়ের সচিব বেগম পরাগ, চামড়া শিল্প উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহী, নারী উদ্যোক্তা ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) ব্যারিস্টার নিহাদ কবিরসহ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও চামড়া শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় চামড়া শিল্পনগরীর উন্নয়ন কাজের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত মূল্যায়ন করা হয়। এ সময় পরিবেশ ও কমপ্লায়েন্স ইস্যুতে আন্তর্জাতিক মানের সঙ্গে শিল্পনগরীর মান ও সক্ষমতার তুলনামূলক আলোচনা হয়।

সভায় জানানো হয়, পরিবেশ অধিদপ্তর ও চামড়া শিল্পের আন্তর্জাতিক মান অনুযায়ী এ প্রকল্পের জন্য নথিপত্র তৈরি করা হয়েছে। এতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণের মাধ্যমে আন্তর্জাতিক মানের বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করা হয়েছে। এর পরও পরিবর্তিত প্রেক্ষাপটে বিশ্বমানের চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদনের লক্ষ্যে একটি আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিল্পনগরীর সার্বিক মান ও অবস্থা মূল্যায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সালমান এফ রহমান বলেন, ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে রফতানি পণ্য বহুমুখীকরণের উদ্যোগ জোরদার করতে হবে। একক পণ্য রফতানির মাধ্যমে উন্নয়নশীল দেশে উত্তরণের ধারাবাহিকতা রক্ষা করা কঠিন। তিনি উল্লেখ করেন, রফতানি সম্ভাবনা বিবেচনায় চামড়া শিল্প খাত দেশের দ্বিতীয় বৃহৎ খাত। এ খাতের গুণগত মানোন্নয়নের মাধ্যমে রফতানি পণ্য বহুমুখীকরণের উদ্যোগ বাস্তবায়ন করতে হবে। সাভার চামড়া শিল্পনগরীর আন্তর্জাতিক নিরীক্ষা সম্পন্ন করার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেয়া হবে।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ট্যানারি উদ্যোক্তাদের ব্যবসার স্বার্থে সাভার চামড়া শিল্পনগরীর সমস্যাগুলো চিহ্নিত এবং দ্রুত তা সমাধান করা হবে। বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার। ব্যবসায়ীরা ব্যবসা করবেন। সরকার তাদের সহায়তা দেবে। শিল্পমন্ত্রী আগামী জুনের মধ্যেই চুক্তি অনুযায়ী চামড়া শিল্পনগরীর বাকি কাজ সমাপ্ত করতে প্রকল্পসংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

সভায় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, উন্নয়নের জন্য আমাদের পারস্পরিক দোষারোপের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। সরকারের ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে উন্নয়নের লক্ষ্য ঠিক করে দিয়েছেন। কোনোভাবেই সময় নষ্ট না করে এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। চামড়া শিল্পনগরীর অবশিষ্ট কাজ দ্রুত সমাপ্ত করতে শিল্প মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা নেবে বলে তিনি অংশীজনদের আশ্বস্ত করেন।