জাতীয়

সাগরে তিন অবৈধ ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক

নিউজ ডেস্ক৫ মার্চ ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নিষেধাজ্ঞা ভেঙে বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় তিনটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৭ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। বরগুনার পাথরঘাটার বঙ্গোপসাগর থেকে গতকাল বুধবার (৪ মার্চ) বিকেলে তাদের আটক করা হয়।

মোংলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, বরগুনার পাথরঘাটাসংলগ্ন বঙ্গোপসাগরে বুধবার বিকেলে নিষিদ্ধ আর্টিসানাল ট্রলিং বোট নিয়ে মাছ ধরছিলেন জেলেরা। এ সময় কোস্ট গার্ডের টহলরত জাহাজ বিসিজিএস সোনারবাংলা অবৈধ এফবি মায়ের দোয়া-২৭, সীমা-০২ ও আসমা নামের মাছ ধরার নৌকা আটক করে।

আজ বৃহস্পতিবার বিকেলে আটক সেই নৌকা তিনটি মোংলায় আনা হয়। পরে আটক জেলেদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আর নৌকায় থাকা মাছের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।