সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
দারুণ জয়ে অস্ট্রেলিয়ান ওপেন মিশন শুরু করলেন নোভাক জোকোভিচ। স্পেনের ফের্নান্দো ভারদাস্কোকে ৬-১, ৭-৬ (৭-৪), ৬-২ গেমে হারিয়ে নিশ্চিত করেছেন তিনি দ্বিতীয় রাউন্ড।
ডিসেম্বরে ছেলেদের টেনিস র্যাংকিংয়ে দুয়ে নেমে গেছেন জোকোভিচ। অ্যান্ডি মারের কাছে শীর্ষস্থান হারানোর পর গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে নামলেন তিনি প্রথমবার। যদিও অস্ট্রেলিয়ান ওপেনটা তার নিজের ঘরের মতোই। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম থেকে যে শিরোপা জিতেছেন তিনি ছয়বার। সংখ্যাটা সাতে নিয়ে যাওয়ার লক্ষ্যে শুরুটা হয়েছে দারুণ। স্প্যানিশ প্রতিপক্ষ ভারদাস্কোকে ২ ঘন্টা ২০ মিনিটের লড়াইয়ে ৬-১, ৭-৬ (৭-৪), ৬-২ গেমে হারিয়ে নিশ্চিত করেছেন দ্বিতীয় রাউন্ড।

শিরোপা ধরে রাখার মিশনে নামার প্রথম ম্যাচেই জোকোভিচ পেয়েছিলেন শক্ত প্রতিপক্ষ। এই ভারদাস্কো যে গতবারের অস্ট্রেলিয়ান ওপেনের শুরুতে জন্ম দিয়েছিলেন অঘটন। প্রথম রাউন্ডেই বিদায় করে দিয়েছিলেন রাফায়েল নাদালকে। জোকোভিচ অবশ্য তার বাধা পেরিয়ে গেছেন সহজেই।
সূত্র: বাংলা ট্রিবিউন










