নিজস্ব প্রতিবেদক:
সরকারি গাড়িতে ফেনসিডিল বহনের সময় আটক হওয়া রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ তার সহকারীকে ফৌজদারি মামলায় সরাসরি চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আটক হওয়া প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান ও তার সহযোগী সাজিদ হোসেনের বিরুদ্ধে থানায় মামলা করবে।মামলার পরে সার্কিট হাউজ থেকে আদালতে তোলা হবে প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান এবং তার সহযোগী সাজিদ হোসেনকে।
বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল। ফেনসিডিলসহ আটক অপর ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের কানসাট বিশ্বনাথপুর এলাকার সাজিদ। সাজিদ রাজশাহীর একটি ওষুধের দোকানের কর্মচারী।

চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শ সাইফুর রহমান জানান,‘ মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বীরশ্রৈষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গির সেতু টোলঘর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রাজশাহী জেলা পরিষদের একটি পাজেরো জিপ গাড়িতে (রাজ মেট্রো ঘ-১১-০০৭১) তল্লাশী চালানো হয়। এরপর গাড়ির ভেতর একটি ব্যাগে ৫ টি কোকাকোলার বোতল ভর্তি লুজ ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। পরে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে নিয়ে যাওয়া হয়।
সাইফুর রহমান আরও জানান,‘এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে। দুপুরের মধ্যেই মামলার কপি থানায় জমা দেওয়া হবে। এরপর মামলা রেকর্ড করেই ওই দুইজনকে আদালতে তোলা হবে। আদালত পরবর্তিতে সিদ্ধান্ত দিবেন।
তবে গণমাধ্যমের সামনে সাজিদকে নিয়ে আসা হলেও নুরুজ্জামানকে গণমাধ্যমের সামনে হাজির করা হয়নি। শনিবার দুপুর পর্যন্ত আটক নুরুজ্জামানসহ দুজন চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে ছিল বলে জানা যায় ।
স/আর








