সদ্য প্রকাশিত
খেলা

সবচেয়ে পরিপূর্ণ ক্রিস্টিয়ানো রোনালদো

নিউজ ডেস্ক৯ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
সবচেয়ে পরিপূর্ণ ক্রিস্টিয়ানো রোনালদো

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ব্যালন ডি’অরের পর ফিফা বর্ষসেরা। বিশ্বের সেরা খেলোয়াড়ের আসনে এখন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ আইকনকে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন তারই সাবেক ক্লাব সতীর্থ। ক’দিন বাদেই আবার চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হবেন দু’জন।

 

নাপোলির স্প্যানিশ ফরোয়ার্ড জোসে ক্যালিজনের চোখে, রোনালদোই বিশ্বসেরা ও সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। রিয়ালের বিপক্ষে নাপোলির শেষ ষোলোর প্রথম লেগ সামনে রেখে মেসি-রোনালদো বিতর্কে সিআর সেভেনকে এভাবেই বর্ণনা করেছেন তিনি। সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় খেলা শুরু হবে।

 

উয়েফার ইন্সটাগ্রাম পেজে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বের সেরা খেলোয়াড় কে এমন প্রশ্নে ক্যালিজনের প্রতিক্রিয়ায়, ‘আমার মতে এটা ক্রিস্টিয়ানো (রোনালদো)। আমি মনে করি, সে সবচেয়ে কমপ্লিট (পরিপূর্ণ) খেলোয়াড়।

 

২০১৩ সালে মাদ্রিদ ছেড়ে নাপোলিতে যাওয়ার পর এ প্রথম স্প্যানিশ রাজধানীতে ফিরছেন ক্যালিজন। তার ফুটবলের হাতেখড়ি রিয়ালের যুব একাডেমিতে।

 

লস ব্লাঙ্কসদের ‘সি’ ও ‘বি’ সিনিয়র দল হয়ে ২০০৮ সালে যোগ দেন এসপানিওলে। পেশাদার ফুটবলে সেখানে তিন মৌসুম কাটিয়ে শৈশবের ক্লাবটিতে প্রত্যাবর্তন করেন। গ্যালাকটিকোদের মূল দলে দুই মৌসুম (২০১১-১৩) খেলে পাড়ি জমান নাপোলিতে।

সূত্র: বাংলা নিউজ