সিল্কসিটিনিউজ ডেস্ক:
হোক না প্রীতি ম্যাচ। চিরপ্রতিদ্বন্দ্বীদের হার দেখতে মজাই লাগে।
সেই মজা গতকাল নাইটহেড পার্কে পেয়েছেন জুড বেলিংহাম। গ্যালারিতে বসে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার হার দেখেছেন তিনি।
ম্যাচটি অবশ্য রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা ছিল না। ছিল বেলিংহামের সাবেক ক্লাব বার্মিংহাম সিটির সঙ্গে।

শৈশবের ক্লাব পেনাল্টিতে ৩-২ গোলের জয় পাওয়ায় আনন্দ দ্বিগুণ হয়েছে ইংল্যান্ডের মিডফিল্ডারের। রোমাঞ্চকর জয় নিশ্চিত হতেই গ্যালারিতে দুই হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। পাশে থাকা দর্শকরা তখন ক্যামেরায় বেলিংহামকে ফ্রেমবন্দি করতে ব্যস্ত।
বার্মিংহামের মাঠে নির্ধারিত সময়ে প্রাক-মৌসুমের ম্যাচটি ২-২ গোলে সমতায় শেষ হয়।
পরে পেনাল্টিতে বার্মিংহামের ২ শটের বিপরীতে বার্সেলোনা ৩ টিতে গোল করতে ব্যর্থ হলে পরাজয় নিয়েই কাতালান ক্লাবকে মাঠ ছাড়তে হয়।
ঘরের মাঠে শুরুতে এগিয়েও যায় বার্মিংহাম। ম্যাচের ৩১ মিনিটে হেডে স্বাগতিকদের লিড এনে দেন অগাস্ট প্রিসকে। সমতায় ফিরতে অবশ্য খুব বেশি সময় নেয়নি বার্সেলোনা। বিরতিতে যাওয়ার ৩ মিনিট আগে পেনাল্টি থেকে সমতাসূচক গোল করেন আব্দেল করিম।
বিরতির পর বার্সেলোনাকে লিডও এনে দিয়েছিলেন করিম। ৬০ মিনিটে করা মিশরীয় স্ট্রাইকারের গোলটিতে অবশ্য বার্মিংহামের গোলরক্ষক জেমস বেডলির বড় ভুল ছিল। বক্সের বাইরে থেকে রুনি বার্দঘজির শট গোলরক্ষক ধরতে গিয়ে তালগোল পাকালে কাছেই থাকা করিম গোল করতে ভুল করেননি।
৮ মিনিট পর অবশ্য ঠিকই সমতায় ফেরে বার্মিংহাম। ৬৮ মিনিটে সতীর্থ ক্রিস্টোফার ক্লারারের হেড থেকে পাওয়া বলে শুধু জালের পথ দেখিয়ে দেন জন সলিস। প্রত্যাবর্তনের পর পেনাল্টি থেকে পরে জয় নিয়ে মাঠও ছাড়ে তারা।










