শুধু চকোলেট নয়, দাঁতে ক্যাভিটি হতে পারে আরো যেসব কারণে
নিউজ ডেস্ক২৪ জুলাই ২০২৫২ মিনিট পড়া
সিল্কসিটিনিউজ ডেস্ক:
ছোটদের পছন্দের খাবারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে চকোলেট, টফি, বিস্কুট, চিফস ইত্যাদি। অনেক মা-বাবা শিশুদের এসব খাবার খেতে দেন না। কিন্তু আপনি জানলে অবাক হবেন, শুধু এই খাবারগুলোই নয়, মিষ্টি দুধ ও জুসও দাঁতের জন্য ক্ষতিকর হতে পারে। মা-বাবা ভালো মনে করে বারবার বাচ্চাদের দুধ ও জুস খাওয়ান, যা দাঁতের ক্ষতি করে।দন্ত বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শুধু চকোলেট বা টফি নয়, এমন অনেক খাবার রয়েছে, যেগুলোর কারণে দাঁতে ক্যাভিটি হতে পারে। এর মধ্যে মিষ্টি দুধ ও জুসও রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, যদি শিশু দিনে তিনবারের বেশি মিষ্টি ও চটচটে খাবার যেমন— টফি, ক্যান্ডি, বিস্কুট, চিপস, দুধ, জুস, কোল্ড ড্রিংকস, চা বা ফ্রুট ড্রিংকস নেয় এবং দাঁত পরিষ্কার না করে, তাহলে ধীরে ধীরে ক্যাভিটি শুরু হয়।
প্রথমে দাঁতের ওপরে জমা হয় সুগার ও স্টার্চ।
এগুলো মুখে থাকা ব্যাকটেরিয়ার সঙ্গে মিশে এসিড তৈরি করে। এই এসিড দাঁতের এনামেল ধ্বংস করতে থাকে এবং একসময় দাঁতে গর্ত বা ‘ক্যাভিটি’ তৈরি হয়। যার ফলে দাঁতে ব্যথা দেখা দেয়।বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যদি শিশু দিনে বারবার মিষ্টি দুধ বা জুস পান করে এবং পরে দাঁত না মাজে, তাহলে দাঁতের মধ্যে পোকা বা ক্ষয় শুরু হতে পারে।
শুধু দুধের দাঁত নয়, ছয় বছর বয়সে ওঠা স্থায়ী দাঁতও এর শিকার হতে পারে।একজন শিশু যদি ছয় মাস বয়সেরও হয় এবং তার মুখে মাত্র একটি দাঁত ওঠে, তবু মিষ্টি খাওয়ানোর পর দাঁতের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। কারণ এই সময়েই দাঁতের যত্ন শুরু করলে পরবর্তী জীবনে সমস্যার আশঙ্কা অনেকটাই কমে যায়।
শুধু শিশুরাই নয়, যদি বড়রাও খাওয়ার পর দাঁত পরিষ্কার না করেন বা সকালে ও রাতে ব্রাশ না করেন, তাহলে তারাও দাঁতের পচন ও ব্যথার শিকার হতে পারেন। দীর্ঘমেয়াদে এই সমস্যা ভয়ানক রূপ নিতে পারে।
তাই দাঁতের স্বাস্থ্যের জন্য শিশুদের ও বড়দের উচিত মিষ্টি খাবার ও পানীয় গ্রহণের পরপরই দাঁত ভালো করে পরিষ্কার করা এবং নিয়মিত ব্রাশ করা। মুখের স্বাস্থ্য ঠিক থাকলে শরীরের সামগ্রিক স্বাস্থ্যও ভালো থাকে।