অর্থ ও বাণিজ্য

শীর্ষ তিন অর্থনীতিবিদের নতুন বই

নিউজ ডেস্ক১৭ ফেব্রুয়ারি ২০১৯২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আবুল মাল আবদুল মুহিতের ‘নির্বাচন ও প্রশাসন’

সময় প্রকাশন

একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নতুন বই ‘নির্বাচন ও প্রশাসন’। এ গ্রন্থটি দুইটি বিষয়ের ওপর লেখা। লেখকের মোট ৫১টি প্রবন্ধের একটি সংকলন।

নির্বাচন নিয়ে আছে ১৭টি লেখা, যার রচনাকাল হল ১৯৯৪ সালের জুন থেকে ২০০৮ সালের মে পর্যন্ত ১৫ বছর। প্রশাসন নির্বাচনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এসব ক্ষেত্রে লেখকের ব্যক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতাও ব্যাপক। এ বিষয়ে গ্রন্থে আরও ৩৪টি প্রবন্ধ রয়েছে, যেগুলো রচিত হয়েছে ১৯৯২ সালের মে মাস থেকে ২০০৮ সালের জুলাই পর্যন্ত ১৭ বছরে। বইটিতে আদর্শ প্রশাসন ব্যবস্থা নিয়ে আলোচনা এবং সম্ভাব্য কাঠামো ও রূপারেখা নিয়ে আছে প্রয়োগিক বৃদ্ধিতে উদ্দীপ্ত সুপারিশ।

ড. আকবর আলি খানের ‘দুর্ভাবনা ও ভাবনা রবীন্দ্রনাথকে নিয়ে’

প্রথমা প্রকাশন

মেলায় প্রকাশিত হয়েছে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খানের নতুন বই ‘দুর্ভাবনা ও ভাবনা রবীন্দ্রনাথকে নিয়ে’। বিষয়ভিত্তিক বইটিতে রবীন্দ্রনাথকে ঘিরে এ পর্যন্ত যত ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে,

সেগুলো একত্র করে বিশ্লেষণ ও যুক্তির আলোয় নতুনভাবে দেখার চেষ্টা করেছেন লেখক। গবেষক হিসেবে আকবর আলি খান বিশেষভাবে পরিচিত। তার লেখায় পাওয়া বিশেষ দৃষ্টিভঙ্গি- রবীন্দ্রনাথকে নিয়ে লিখতে গিয়ে এমন কতগুলো বিষয় সামনে এনেছেন, যেগুলো জনমানসে বহুল আলোচিত। এতে রবীন্দ্রনাথ সম্পর্কে সাতটি ভুল ধারণা নিয়ে আলোচনা করা হয়েছে, অন্যদিকে ছয়টি প্রবন্ধে দেখানো হয়েছে রবীন্দ্রনাথের শুভানুধ্যায়ীরা তার অবদানকে অতিরঞ্জিত করেছেন।

ড. সালেহউদ্দিন আহমেদের ‘গভর্নরের স্মৃতিকথা’

বাতিঘর প্রকাশনী

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা থেকে লিখেছেন ‘গভর্নরের স্মৃতিকথা’। বইটির দুটি বিশেষত্ব রয়েছে। একটি বিশেষত্ব হল- তিনি সহজ ও সাবলীল ভাষায় তার পরিবার সম্পর্কে এবং তার আত্মীয়-স্বজন সম্পর্কে লিখেছেন। নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকে তিনি উঠে এসেছেন।

দ্বিতীয় বিশেষত্ব হল- বইটি একজন আমলার স্মৃতিকথা হলেও এতে কারও সম্পর্কে কোনো নেতিবাচক কথা লেখা হয়নি। বণিক বার্তার প্রকাশনায় বইটি একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে বাতিঘর প্রকাশনীতে। ১৭০ পৃষ্ঠার বইটির মূল্য ধরা হয়েছে ৪০০ টাকা।