সিল্কসিটিনিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (৮ নভেম্বর) সকাল সোয়া ১০টায় নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন নৌঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম জয়কৃষ্ণ (১৮)। সে নরসিংদী জেলার নরসিংদী গ্রামের বিশ্বজিৎ সাহার ছেলে।
এর আগে, শুক্রবার রাতে ট্রলার থেকে নামতে গিয়ে অসতর্কতার কারণে পানিতে পড়ে নিখোঁজ হয় সে।

নারায়ণগঞ্জ নৌ পুলিশের উপপরিদর্শক রকিবুল হাসান বলেন, ‘শুক্রবার রাতে রামকৃষ্ণ নামের ওই যুবক টার্মিনালঘাটে ট্রলার থেকে নামতে গিয়ে পা ফসকে নদীতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরিদল এসে উদ্ধার তৎপরতা শুরু করে।
গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করা যায়নি। পরে শনিবার সকালে আবার উদ্ধার অভিযান শুরু হলে বেলা সোয়া ১০টায় দুর্ঘটনাস্থল থেকেই তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।’
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান বলেন, ‘শুক্রবার রাতে ট্রলার থেকে নদীতে পড়ে জয়কৃষ্ণ নামের ১৯ বছর বয়সী এক যুবক নিখোঁজ হন। রাতে খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি।
শনিবার সকাল থেকে আবার উদ্ধারকাজ শুরু হলে সোয়া ১০টায় তার মরদেহ উদ্ধার করা হয়।










