সদ্য প্রকাশিত
খেলা

শততম ম্যাচে মাঠে নামছেন লিটন, এর আগে এই মাইলফলক ছুঁয়েছেন যারা

নিউজ ডেস্ক২০ এপ্রিল ২০২৬২ মিনিট পড়া
শততম ম্যাচে মাঠে নামছেন লিটন, এর আগে এই মাইলফলক ছুঁয়েছেন যারা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আজ সোমবার (২০ এপ্রিল) উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসের ক্যারিয়ারের বিশেষ এক দিন। শততম ওয়ানডে খেলতে মাঠে নামছেন তিনি।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে তাকে বিশেষ স্মারক তুলে দেয়া হয়। ১০০ খচিত একটি ক্যাপ তার মাথায় পরিয়ে দেন মোস্তাফিজুর রহমান, সঙ্গে ছিলেন মেহেদী হাসান মিরাজও।

২০১৫ সালের জুনে অভিষেক হয়েছিল তার। অভিষেকের ১১তম বছরে শততম ম্যাচের মাইলফলক ছুঁলেন তিনি।

এখন পর্যন্ত ৯৯ ম্যাচের ৯৮ ইনিংসে মোট ২৭০০ রান করেছেন লিটন। এর মধ্যে রয়েছে ৫টি সেঞ্চুরি ও ১২টি হাফ-সেঞ্চুরি। এই সময়ে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ১৭৬ রানের ইনিংসটাও খেলেছেন তিনি।

তার ব্যাটিং গড় ৩০.৩৩ এবং স্ট্রাইক রেট ৮৫.৭৬। উইকেটরক্ষক হিসেবে নিয়েছেন ৬৮টি ক্যাচ এবং করেছেন ৫টি স্টাম্পিং।

বাংলাদেশের ১৪তম ক্রিকেটার হিসেবে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়েছেন লিটন। তার আগে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে শততম ম্যাচ খেলেছেন ১৩ জন ক্রিকেটার।

তাদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম — ২৭৪টি। এরপর আছেন সাকিব আল হাসান (২৪৭), তামিম ইকবাল (২৪৩), মাহমুদুল্লাহ রিয়াদ (২৩৯) এবং মাশরাফি বিন মর্তুজা (২১৮)। এই তালিকায় আরও আছেন মোহাম্মদ আশরাফুল (১৭৫), আব্দুর রাজ্জাক (১৫৩), খালেদ মাসুদ (১২৬), মোহাম্মদ রফিক (১২৩), মুস্তাফিজুর রহমান (১১৯), মেহেদী হাসান মিরাজ (১১৮), হাবিবুল বাশার (১১১) এবং রুবেল হোসেন (১০৪)।