জাতীয়

লালমনিরহাটের ৩ সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

নিউজ ডেস্ক৫ জুন ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লালমনিরহাটের তিনটি উপজেলার পৃথক তিন সীমান্ত দিয়ে নারীসহ ৩৩ জনকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) স্থানীয়দের বাধায় তারা প্রবেশ করতে না পেরে সীমান্তের ভারতীয় অংশে অবস্থান করছে।

রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, আজ শুক্রবার( ৫ জুন) ভোরের দিকে হাতীবান্ধা উপজেলার বড়খাতা সীমান্তে আট নারীসহ ১১ জন ও পাটগ্রামের পয়ষট্টিবাড়ি সীমান্ত দিয়ে পাঁচ পুরুষ ও পাঁচ নারীকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির বাধায় তারা দেশের ভূখণ্ডে অনুপ্রবেশ করতে পারেনি।

এদিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের আওতায় থাকা আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্তে ১২ জনের উপস্থিতি লক্ষ্য করে মাইকের মাধ্যমে তাদের সতর্ক করা হলে এসব মানুষ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি বলে ব্যাটালিয়নটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ওই ৩৩ নারী-পুরুষ বর্তমানে কাঁটাতারের বেড়ার ওই পাশে ভারতীয় ভুখণ্ডে অবস্থান করছে।

তাদের পরিচয় শনাক্তে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি।