সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

লালমনিরহাটে বাসের ধাক্কায় শিশুসহ নিহত ২

নিউজ ডেস্ক২৩ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
লালমনিরহাটে বাসের ধাক্কায় শিশুসহ নিহত ২

সিল্কসিটিনিউজ ডেস্ক:

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় রাস্তায় বিকল হয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে দ্রুতগতির একটি নৈশকোচ ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম সামিউল ইসলাম(৯)। তার বাড়ি ফকিরের তকেয়া এলাকায়। অপর নিহত ব্যক্তি হচ্ছেন ট্রাকচালক কাশেম আলী(৩৫)। তবে তাৎক্ষণিকভাবে তার বাড়ির ঠিকানা পাওয়া যায়নি। ওই চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে এসেছে। আর দুর্ঘটনায় নিহত শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, সকালে সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় বিকল হয়ে থাকা ট্রাকটি মেরামত করছিলেন গাড়িটির চালক ও হেলপার। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী হক স্পেশাল নামের একটি নৈশকোচ ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই দুইজন নিহত হয়। এ সময় বাসের অন্তত পাঁচ যাত্রী আহত হন। দুর্ঘটনার সময় নিহত শিশুসহ কয়েকজন ট্রাকটির পাশে দাঁড়িয়েছিলেন।

সদর থানার ওসি মাহফুজ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।