লালপুর( নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে হাজেরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রামে রান্নাঘর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত হাজেরা বেগম ওই গ্রামের মৃত লোকমান আলীর স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন দুয়ারিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম ইসলাম লাভলু।

স্থানীয়রা জানান, ভোরে রান্নার কাজের প্রস্তুতি নিতে হাজেরা বেগমের পুত্রবধূ নুরজাহান বেগম রান্নাঘরে গেলে দেখেন তার শাশুড়ি রান্নাঘরের বাঁশের তীরের সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় ঝুলছেন।
এ সময় তার পা মাটিতে ছোঁয়া এবং মুখে রক্তের দাগ দেখা গেছে।
খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।









